ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে চলতি অর্থবছরে সরকারি অর্থায়নে প্রতি জেলায় ২টি করে ১২৮টি উপজেলায় কমিউনিটি ই-সেন্টার স্থাপন করা হবে। এর মধ্যে ৬৪টি ই-সেন্টার চলবে সৌরশক্তি দিয়ে।
শুক্রবার রাজধানীতে বিসিএস ডিজিটাল এক্সপো-২০১০ উপলক্ষে 'ওয়াইম্যাক্স ফর ডিজিটাল বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এ সব কমিউনিটি ই-সেন্টারে ইন্টারনেট, ই-মেইল, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত তথ্য, অনলাইন ভিডিও কনফারেন্স, কৃষি পণ্যের বাজার সংক্রান্ত তথ্য, চাকরি সংক্রান্ত তথ্য ও অনলাইনে আবেদনপত্র দাখিল, সরকারি বিভিন্ন ফরম, জাতীয় পরীক্ষার ফল, অনলাইনে পণ্য বেচাকেনা এবং ছাত্র-ছাত্রীদের জন্য তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সুবিধা থাকবে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকার তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে চায়, যাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তারা আত্মনির্ভরশীল হতে পারে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার বলেন, ইন্টারনেটের ওপর ভিত্তি করেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট এক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এমনকি সংযোগেও ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। সরকারে উচিত এটি ভ্যাটের আওতামুক্ত করা। এ ব্যাপারে তিনি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সভাপতির বক্তব্যে বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ওয়াইম্যাক্স সংযোগের মূল্য বেশি বলে অনেকে অভিযোগ করেন। কিন্তু বর্তমানে যে মূল্যহার দেওয়া হয়েছে তাতেও আমরা ভর্তুকি দিয়ে দিচ্ছি। তবে যতবেশি গ্রাহক বাড়তে, তত এই হার কমে আসবে।"
আগামী ২ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ওয়াইম্যাক্স সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে তবে তিনি জানান।
বর্তমানে বাংলালায়নের ওয়াইম্যাক্স গ্রাহক রয়েছেন ৭৫০জন। তবে তাদের গ্রাহক সংখ্যা দ্রুত বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩২০ ঘ.
bdnews24