২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় বিক্ষোভ-ভাংচুর

উৎপাদন মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 04:12 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

গাজীপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উৎপাদন মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। শুক্রবার সকালে জেলার শ্রীপুর উপজেলায় এসকিউ গ্র"পের এফএস সোয়েটার ও কালিয়াকৈরে হেচং নামের পোশাক করাখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শ্রমিকদের হামলায় এফএস সোয়েটার কারখানার ফিনিশিং বিভাগের উৎপাদন ব্যবস্থাপক সাদেকুল হায়দার রুবেল (৩৫), নিটিং সুপারভাইজার প্রদীপ সরকার (৩০) ও লিংকিং সুপারভাইজার আমিনুল ইসলাম (৩৩) আহত হন। শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভূঁইয়া সাংবাদিকদের জানান, উৎপাদন মজুরি ৪৫ টাকা থেকে কমপক্ষে ৬০ টাকা করা, প্রতি মাসের ৫ তারিখে বেতন, প্রতি সপ্তাহে টিফিন বিল, দৈনিক ২ ঘণ্টার বেশি ওভার টাইম না করানোসহ ১১ দফা দাবিতে উপজেলার মাওনা চৌরাস্তা সংলগ্ন এফএস সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে। শুক্রবার ৯টায় এ ঘটনায় কারখানার কর্তৃপক্ষ উৎপাদন মজুরি ১০টাকা বাড়িয়ে দিতে রাজি হলেও শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় ওই তিন কর্মকর্তা আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ১১টার দিকে কারখানা কর্তৃপক্ষ শুক্রবারের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায় বলে ওসি জানান। কারখানার অপারেটর সাবিহা খাতুন সাংবাদিকদের জানান, কারখানা কর্তৃপক্ষ দুই মাস ধরে 'জুম পফ' নামের একটি পণ্য উৎপাদন করে আসছে। এর আগে এ পণ্যের উৎপাদন মজুরি ৮০ টাকা করে দেওয়া হত। কালিয়াকৈর উপজেলার বাড়ৈ পাড়া এলাকার হেচং পোশাক কারখানায় উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে কারখানার জানালার কাচ ভাংচুর করে। কালিয়াকৈর থানার ওসি আমির উদ্দিন জানান, হেচং কারখানার শ্রমিকরা উৎপাদন মজুরি ২৬ টাকার পরিবর্তে ৪২ টাকা, ২০ টাকার পরিবর্তে ৩৫ টকা, ১৯ টাকার স্থলে ৩০ টাকা করার দাবি জানিয়ে ওই আন্দোলন শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, পুলিশ মালিকের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা কারখানা ত্যাগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.