নেত্রকোনা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনার দুই উপজেলায় বাঁধ ভেঙে প্রায় তিন হাজার হেক্টর ফসলী জমি তলিয়ে গেছে।
পাহাড়ি ঢলে ধনু নদীর পানি বেডে যাওয়ায় শুক্রবার ভোরে খালিয়াজুরী উপজেলার চুনাই বাঁধ এবং মোহনগঞ্জ উপজেলার হাইজরারচর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ছয়টি গ্রামের এসব জমি তলিয়ে যায়।
এছাড়া জেলার আরো ছয়টি বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, মোহনগঞ্জের মান্দারবাড়ি, চাঁদপুর ও গাগলাজোর এলাকার নিম্নাঞ্চ প্লাবিত হয়েছে।
পাশের খালিয়াজুরী উপজেলার লামা, বাদিয়ারচর ও জালর হাওর এলাকায় ফসল তলিয়ে গেছে।
এছাড়া ধনু নদীর পানি উপচে খালিয়াজুরী ও মোহনগঞ্জের মাঝামাঝি চন্দ্র সোনারতাল বেড়িবাঁধ এলাকায় বেশ কিছু বোরো জমি তলিয়ে গেছে বলে শহীদ জানান।
গত দুদিন ধরে হাওরের পানি বেড়ে চলায় কীর্তনখোলা, রানীচাপুর, চৌতার হাওর, লেপসিয়া, পায়ার ও সেলাপাড়া বাঁধ হুমকির মুখে রয়েছে বলেও তিনি জানান।
উপজেলা চেয়ারম্যান জানান, কোনো কোনো এলাকায় লোকজন নিজেদের উদ্যোগে মাটি কেটে বাঁধগুলো রক্ষার চেষ্টা করছে।
বাঁধ ভেঙে ফসলী জমি তলিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁধ দুটি মেরামতের কাজ চলছে।
হুমকির মুখে থাকা অন্য বাঁধগুলো রক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৫ ঘ.
bdnews24