২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মালিকদের অবহেলায় জাহাজ ভাঙ্গা শিল্পে এত মৃত্যু'

গত এক যুগে সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গার ইয়ার্ডগুলোতে এক হাজারের বেশি শ্রমিক নিহত হয়েছে জানিয়ে এ জন্য মালিকদের অবহেলাকেই দায়ী করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 11:07 AM

Updated : 24 Aug 2022, 08:06 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত এক যুগে সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গার ইয়ার্ডগুলোতে এক হাজারের বেশি শ্রমিক নিহত হয়েছে জানিয়ে এ জন্য মালিকদের অবহেলাকেই দায়ী করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন। শুক্রবার জাহাজ ভাঙ্গা শিল্প নিয়ে এক গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধে এ অভিযোগ করা হয়। এতে বলা হয়, "মালিক পক্ষের অবহেলার কারণে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের কথা থাকলেও কোনো মালিক তা দেয় না। যার কারণে সীতাকুণ্ডের শিপইয়ার্ডগুলোতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।" পরিবেশ বাঁচাও আন্দোলনের আমিনুর রসুল বাবুল ও সাবিনা আমিনের তৈরি ওই প্রবন্ধে বলা হয়, গত এক যুগে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় এক হাজারের বেশি শ্রমিকের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে ৪ থেকে ৫ হাজার শ্রমিক। জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত 'জাহাজ ভাঙ্গা শিল্প, শ্রমদাসত্ব ও পরিবেশ' শীর্ষক ওই বৈঠকে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, "সরকারের সচ্ছিদার কারণে জাহাজ ভাঙ্গা শিল্পে দূষণ ও শ্রমিক মৃত্যু বাড়ছে।" দুর্ঘটনা এড়াতে পরিবেশবান্ধবভাবে জাহাজ ভাঙ্গার কাজ করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান রিজওয়ানা। পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে গোলটেবিলে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক আব্দুল বাশার, সৈয়দ হাসান ইমাম, ইয়াসমীন কবির প্রমুখ। অধ্যাপক বাশার বলেন, "পরিবেশ বান্ধবভাবে জাহাজ ভাঙ্গা শিল্প গড়ে না উঠায় উপকূলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং ভূমিক্ষয় ও মাটি দূষণ বাড়ছে।" পরিবেশ সংক্রান্ত আইন মেনে জাহাজ ভাঙ্গার কাজ করার আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৭০০ ঘ.