চাঁদপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সময়ে মেঘনায় মাছ শিকার করতে গিয়ে আটক হয়েছেন ১০ জেলে।
চাঁদপুর জেলা প্রশাসন ও উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) যৌথ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও নৌকাসহ তারা আটক হন।
হাকিম শামীমুল হক পাভেল ও কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
খাজা মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনা থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত নদীতে অভিযান চালানো হয়।
আটক জেলেরা হলেন- মরন আলী (৪০), সবুজ (২২), আ. সাত্তার হোসেন (২৮), হযরত আলী (৩৫), রফিকুল ইসলাম (২৫), মো. রুবেল (২৮), মরন আলী গাজী (৩০), মো. সিরাজ মিয়া (৩৮), রুবেল (১৭) ও ইয়াসিন আলী (২৫)। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার দক্ষিণ জালিয়ারচর এলাকায়।
তাদের কাছ থেকে নিষিদ্ধ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা আটক করা হয় বলে জানান খাজা মাসুম।
ইলিশ রক্ষায় 'জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি'র আওতায় মার্চ-এপ্রিল এ দু'মাস মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ। এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে খাদ্যসহ নানা ধরনের সহায়তা দিচ্ছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিআর/এমআই/০১২০ ঘ.
bdnews24