ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের কালাচাঁদপুরে জোড়া খুন মামলার মূল অভিযুক্ত রুবেল হত্যার দায় স্বীকার করেছেন বৃহস্পতিবার।
ঢাকার মহানগর হাকিম জুলফিকার হায়াতের খাস কামরায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে দায় স্বীকার করেন রুবেল।
জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক খন্দকার এখলাসুর রহমান এতথ্য জানান।
গত ২৪ মার্চ কালাচাঁদপুরের বাসায় মেয়ের কথিত প্রেমিক রুবেল ও তার সঙ্গী মিথুনের গুলিতে নিহত হন ব্যবসায়ী সাদিকুর রহমান ও তার স্ত্রী রোমানা নার্গিস।
মিথুনকে আরো জিজ্ঞাসাবাদ আবারো তিনদিন হেফাজতে নিতে পুলিশকে বৃহষ্পতিবার অনুমতি দিয়েছেন ঢাকার মহানগর হাকিম রোখসানা বেগম হেপী।
এখলাসুর জানান, রুবেল ওই হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বর্ণনা দিয়েছে। সেসময় কে কে তার সঙ্গে ছিল তাও জানিয়েছে।
গত ২৮ মার্চ রুবেল ও তার বন্ধু হত্যাকাণ্ডের সহযোগী মিথুনকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে পরের দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে তিনদিন হেফাজতে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০৩৩ ঘ.
bdnews24