ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তে বাধা দিলে বা সাক্ষীদের হুমকি দিলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন গোলাম আরিফ টিপু।
ওই বিচারের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ বৃহস্পতিবার পুরানো হাইকোর্টে ভবনে স্থাপিত কার্যালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "তদন্ত সংস্থার কাজের সময় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি তদন্ত কাজে বাধা সৃষ্টি করলে বা সাক্ষীদের হুমকি দিলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে।"
অপরাধীদের বিচারে আইনের বিধি তৈরি নিয়ে ট্রাইবুনালের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
কীভাবে অপরাধীদের অপরাধ প্রমাণ করা হবে? এ প্রশ্নের জবাবে টিপু বলেন, "অনেকেই যুদ্ধের সময়কার হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা দেখেছেন। তাদের সাক্ষ্য অপরাধ প্রমাণে অনেক কাজে আসবে।
"এছাড়াও নির্যাতনের শিকার অনেকেই এখনো বেঁচে আছেন," বেঁচে আছে জানিয়ে তিনি বলেন, "তারা গুরুত্বপূর্ণ সাক্ষ্য হবেন। ওই সময়ের পত্র-পত্রিকা এবং বই-পুস্তক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৮৫০ ঘ.
bdnews24