বগুড়া, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের (যুদ্ধাপরাধ) বিচার প্রক্রিয়ার প্রতি ইঙ্গিত করে চলমান পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের চারটি পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
বৃহস্পতিবার বগুড়ায় দলীয় সভায় তিনি বলেন, "অতীতের ভুল, দুর্বলতা কেটে গেছে; এখন থেকে জীবনের নকশা এমন করতে হবে যেন শহীদ হওয়ার জন্য কোনো পরোয়া না থাকে।"
আগের দিন রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ দাবি করেন, জামায়াতের কোনো নেতাই একাত্তরে সংঘটিত যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করার নৈতিক ও আইনগত কোনো সুযোগ নেই।
যুদ্ধাপরাধের বিচার মোকাবিলায় আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
বগুড়া শহরের চকফরিদ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দলের আঞ্চলিতক ওয়ার্ড সভাপতিদের সম্মেলনে মুজাহিদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সকল অবস্থায় আন্তরিকতার পরিচয় দিতে হবে; চলমান পরিস্থিতি মোকাবিলায় সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে, নিজের পরিবারকেও সেভাবে প্রস্তুত রাখতে হবে; দলের জন্য যে প্রস্তুতি নেওয়া হবে তার ফল পাওয়ার জন্য শুধুই আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যতই হামলা-মামলার হুমকি দেন জামায়াতকে ঠেকানো যাবে না।"
মুজাহিদ অভিযোগ করেন, ভারত সরকারকে উস্কানি দিচ্ছে। ভারতের ভয় বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে বাধা হলো জামায়াত ও সামরিক বাহিনী। এ সব কারণে জামায়াতকে ঘরে ঢোকানোর চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে জামায়াত স্বৈরাচার পতনের আন্দোলন করেছে। জাতীয় পার্টির সঙ্গেও আন্দোলন করেছে। জামায়াত যখন চারদলীয় জোটের গেলো, তখনই তারা রাজাকার হয়ে গেছে।
ঢাকা মহানগর আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন- জামায়াতের সহ সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান প্রমুখ।
বগুড়া, পাবনা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ অঞ্চলের ওয়ার্ড জামায়াতের সভাপতি সম্মেলনটি শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে স্থান পরিবর্তন করা হয়।
সকাল ৯টায় জামায়াতে ইসলামী ও সেক্টর কমান্ডার্স ফোরাম ওই মিলনায়তনে সভা ডাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। রাতে সদর থানা পুলিশ জানায়, কাউকেই সেখানে সভা করতে দেওয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৭ ঘ.
bdnews24