২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির তদারকিতে নামছে সেনাবাহিনী

পানি সঙ্কটের প্রেক্ষাপটে রাজধানীতে পানি বণ্টন ব্যবস্থা তদারকিতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী নামছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 11:30 AM

Updated : 24 Aug 2022, 08:03 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি সঙ্কটের প্রেক্ষাপটে রাজধানীতে পানি বণ্টন ব্যবস্থা তদারকিতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী নামছে। ঢাকা ওয়াসা এলাকার পানি সঙ্কট নিরসন, ব্যবস্থাপনা ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানানো হয়। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকা ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলীকে নিয়ে এ বৈঠক করেন। বৈঠকে পানি সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে জনবিক্ষোভ জনবিস্ফোরণে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সংসদ সদস্যরা। এ জন্য তারা নতুন পাম্প স্থাপন, পাম্প স্থাপনে জায়গার সমস্যার সমাধান এবং দ্রুত বিভিন্ন এলাকায় পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। জবাবে আশরাফ বলেন, "সরকার সুষ্ঠু পানি ব্যবস্থা ও বিতরণের মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে আনতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী নামানোর উদ্যোগ নিয়েছে। সেনা সদস্যদের ঢাকা নগরীর পানির পাম্প রক্ষা ও উত্তোলিত পানি বিতরণে কাজে লাগানো হবে।" তিনি জানান, বিভিন্ন এলাকায় দ্রুত পানি পাঠাতে এবার পানি বিতরণে গাড়ির সংখ্যা বাড়ানো হবে। সভায় তেজগাঁও এলাকার সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল বলেন, "মগবাজার এলাকায় গত তিন দিন পানি নেই। মানুষ পানি না পেয়ে মসজিদে বসে সভা করে মিছিলের প্রস্তুতি নিচ্ছে।" "সময়মতো পানি না পেলে যে কোনো সময় তারা আন্দোলনে যেতে পারে, তাই দ্রুত এ সমস্যার সমাধান করা প্রয়োজন", বলেন তিনি। শ্যামপুর এলাকার সংসদ সদস্য সানজিদা খানম বলেন, মন্ত্রণালয়কে দ্রুতই পানি সমস্যার সমাধান করতে হবে। নইলে ক্ষোভ শেষ পর্যন্ত জনবিক্ষোভে রূপ নিতে পারে। তা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে। ডেমরা এলাকার সাংসদ হাবিবুর রহমান মোল্লা বলেন, "মানুষকে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার কথা বুঝিয়ে বলা যায়। কিন্তু পানি সমস্যার কথা মানুষকে শুনতে চায় না।" নারায়ণগঞ্জের সাংসদ একেএম নাসিম ওসমান পানি সঙ্কট নিয়ে চক্রান্তের আশঙ্কা প্রকাশ করে বলেন, "বিরোধী দলগুলোও এ ইস্যু কাজে লাগানোর চেষ্টা করবে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ওয়াসার কর্মীরা যাতে কোনো সাবোটাজের অংশ না হয় সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।" জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "পানি সঙ্কট নিয়ে জনদুর্ভোগের বিষয়ে সরকার সতর্ক রয়েছে। তবে দ্রুত এ সঙ্কট নিরসনে তেমন কিছু করার নেই। কারণ বিদ্যুতের কারণে আমরা অনেক পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারছি না। ফলে সঙ্কট কিছুটা প্রকট আকার ধারণ করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এজে/এমআই/১৭২২ ঘ.