ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্রসফায়ার' নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে বাধা দেওয়ার বৈধতা নিয়ে দৃক গ্যালারির রিট আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি শহীদুল ইসলামের একক অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করে আবেদনটি ফেরত দেয়।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে বলেন, দৃক গ্যালারির সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাই রিট আবেদনটি এখন অকার্যকর।
তিনি আরো বলেন, এ ধরনের প্রদর্শনীর আগে সরকারের অনুমতি প্রয়োজন। কিন্তু সে ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাছাড়া প্রদর্শনীটিতে বিদেশী নাগরিকরা এসেছিলেন বলে নিরাপত্তা দেওয়ার প্রশ্নও জড়িত।
রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার সারা হোসেন আদালতে বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তবে মঙ্গলবারও দর্শনার্থীদের প্রবেশে বাধা দেওয়া হয়।
তিনি আরো বলেন, আবেদনকারী শহিদুল আলম গত ২০ বছরে এ ধরনের শত শত প্রদর্শনী করেছেন। কিন্তু এর আগে এমন কোনো আপত্তি উঠেনি, কোনো চিত্রকর্ম বা ছবি প্রদর্শনের ক্ষেত্রে কখনো কোনো পূর্বানুমতির প্রয়োজন হয়নি।
আদালত বলেন, সরকার পক্ষ বলেছে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে আবেদনকারী আবারো আদালতে আসতে পারবেন।
আদালত কক্ষ থেকে বের হয়ে ব্যারিস্টার সারা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত রিট আবেদনটি ফেরত দিয়েছে। তবে পুলিশ বাধা দিলে আবার আদালতে আসার জন্য পরামর্শ দিয়েছে।
রিট আবেদনকারী শহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রদর্শনীটি চলার কথা ছিল। কিন্তু দর্শনার্থীরা প্রদর্শনীটি দেখতে পারেনি। তাই আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রদর্শনীর সময় বাড়ানো হয়েছে।
গত ৩০ মার্চ দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্র শিল্পী শহিদুল আলম রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে প্রদর্শনীতে বাধা তুলে নিতে সরকারকে নির্দেশ দেওয়ার জন্য আদালতের আদেশ চেয়েছিলেন তিনি।
গত ২২ মার্চ ক্রসফায়ার নিয়ে ধানমণ্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনী শুরু হওয়ার আগেই তা বন্ধ করে দেয় পুলিশ।
নিরাপত্তা চেয়েছেন শহিদুল
প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে জানিয়ে পুলিশি নিরাপত্তার আবেদন জানিয়েছেন শহিদুল আলম।
গত ২৯ মার্চ ধানমণ্ডি থানায় তিনি একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
এতে তিনি বলেন, ২৭ মার্চ এক অপিরিচিত যুবক দৃক গ্যালারিতে এসে তাকে গালিগালাজ করে। ২৮ মার্চ একই যুবক সঙ্গে আরো কয়েকজনকে নিয়ে এসে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিয়ে যায়। তাতে তিনি, তার সহকর্মী ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৩২০ঘ.
bdnews24