ঝিনাইদহ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তেলটুপি গ্রামে মঙ্গলবার বিকালে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আসলাম মিয়া (৪২) তেলটুপি গ্রামের বাসিন্দা।
এ সময় তার ছোটভাই আব্দুল মোতালেব আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আসলাম ওই উপজেলার ভাইনা ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক ছিলেন বলে দাবি করেন জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ মশিউর রহমান।
সরকারি দল আওয়ামী লীগের লোকজন আসলামকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
তবে এ ব্যাপারে এখন পর্যন্ত আওয়ামী লীগের কারো বক্তব্য পাওয়া যায়নি।
ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি কর্মী আসলাম এলাকাছাড়া। মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি আসেন।
দুপুরের খাবার পর বেলা ৩টার দিকে আবার ফিরে যাওয়ার সময় গ্রামের কুমার নদীর তীরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24