২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ুঝুঁকি: নিজেদের মতো প্রস্তুতির ডাক বাণিজ্যমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় উন্নত বিশ্বের দিকে তাকিয়ে না থেকে নিজেদের মতো প্রস্তুতি নিতে বলেছেন বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 12:04 PM

Updated : 24 Aug 2022, 08:01 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় উন্নত বিশ্বের দিকে তাকিয়ে না থেকে নিজেদের মতো প্রস্তুতি নিতে বলেছেন বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, "উন্নত বিশ্বের সঙ্গে আমাদের সমস্যার ধরণ ও মোকাবেলার পদ্ধতিতে ফারাক রয়েছে। তাই তাদের আবিষ্কৃত পদ্ধতি আমাদের জন্য সব সময় কাজে নাও আসতে পারে। "এ কারণে উন্নত বিশ্বের দিকে তাকিয়ে না থেকে নিজেদের মতো করে প্রস্তুতি নিতে হবে," বলেন তিনি। "দুর্যোগ মোকাবেলায় আমাদের অভিজ্ঞতা যে কোন উন্নত দেশের চেয়ে বেশি," জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "এ ক্ষেত্রে সঠিক কৌশল ও পর্যাপ্ত মনোবল কেবল আমাদেরই রয়েছে। তাই এ দেশে বসেই দুর্যোগ সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর পদ্ধতি আবিষ্কার করা যাবে।" অনুষ্ঠানে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, "কোপেনহেগেন সম্মেলনে আমাদের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হলেও এটা যথেষ্ট নয়। বরং এ সমস্যা সমাধানে প্রয়োজন বাস্তবজ্ঞান সম্পন্ন একদল মানুষ।" অন্তত জলবায়ু ইস্যুতে পরস্পরের সমালোচনা বাদ দিয়ে আত্মপর্যালোচনার মাধ্যমে জাতি গঠনে মনোযোগ দিতে তিনি দেশের রাজনীতিকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান ভূঁইয়া, ইউএনডিপির সহকারি আবাসিক প্রতিনিধি ড. আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ। সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ও সমাজবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে সম্পন্ন হওয়া জলবায়ু বিষয়ক একটি ডিপ্লোমা কোর্স ও একটি মাস্টার্স কোর্সের সনদ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮০৪ ঘ.