২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে অচল চবি

সরকার সমর্থক ছাত্রলীগৈর অবরোধে মঙ্গলবার অচল ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 11:50 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক ছাত্রলীগৈর অবরোধে মঙ্গলবার অচল ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি এক শিক্ষার্থীর লাশ উদ্ধার হওয়ার কারণে ক্যাম্পাস শিক্ষার্থীর উপস্থিতিও ছিলো কম। সংগঠনের এক নেতার ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ দিনব্যাপী এ অবরোধ কর্মসূচি দেয়। সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের বিভিন্ন স্টেশন ও সড়ক পথে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে সকাল থেকে অবস্থান নিয়ে বাস ও ট্রেন আটকে দেয়। ফলে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল ট্রেনসহ কোনো গাড়ি ঢুকতে পারেনি। গত রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকার কয়েকজন তরুণ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলকে মারধর করে। এ ঘটনার বিচারের দাবিতে সোমবার পর্যন্ত প্রশাসনকে সময় দেয় ছাত্রলীগ। সে সময় অতিক্রান্ত হওয়ার পর অবরোধ ডাকে তারা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়েলের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। "কোনো বহিরাগত ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলা করবে এটা মেনে নেওয়া হবে না", বলেন তিনি। ছাত্রলীগের অবরোধ কর্মসূচির বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবরোধকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের ছাড় দেওয়া হবে না।" এদিকে হাটহাজারী থানার খিল্লাপাড়া লেভেলক্রসিং এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র হারুনুর রশীদ কায়সারের লাশ উদ্ধারের পর আতঙ্কিত হয়ে অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাস ছাড়তে দেখা যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা অযথা আতঙ্কিত হয়ে হল ছাড়ছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পুরোপুরি শান্ত। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে না পারায় কয়েকটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে স্বীকার করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমইউএস/এমআই/১৭৪৫ ঘ.