২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিডিআর-বিএসএফ বৈঠক

সীমান্তে উত্তেজনা নিরসনে মেহেরপুরের মুজিবনগরে সোমবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 03:27 PM

Updated : 24 Aug 2022, 07:58 PM

মেহেরপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে উত্তেজনা নিরসনে মেহেরপুরের মুজিবনগরে সোমবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। জেলা পরিষদের 'সূর্যোদয়' রেস্ট হাউসে সকাল ১০টায় বৈঠক শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। বৈঠকে সীমান্তে দু'দেশের কোনো নাগরিক সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হলে তাদের পুলিশে না দিয়ে নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে দেওয়া, সীমান্তে গোলাগুলি, চোরাচালান বন্ধসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিডিআরের কুষ্টিয়ার মীরপুর সেক্টর কমান্ডার কর্নেল জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখানে যা আলোচনা হয়েছে তা তারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে জানাবেন। কর্নেল জাহিদুর রহমান বৈঠকে বিডিআর'র পক্ষে নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরো ছিলেন- চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ, কুষ্টিয়া সেক্টরের স্টাফ অফিসার কবির আহমেদ খান, কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আইনুল জামাল ও স্টাফ অফিসার সৈয়দ ফজলে হুসাইন। বিএসএফ'র পক্ষে কৃষ্ণনগর সেক্টর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ডিআর যাদব নেতৃত্ব দেন। বিএসএফের পক্ষে আরো ছিলেন- ভারতের সীমানগর ব্যাটালিয়ন কমান্ডার এএইচ রিজভী, দুবিলিয়া ব্যাটালিয়ন কমান্ডার উমেদ সিং, সীমানগর ব্যাটালিয়নের সেকেন্ড কমান্ডার আরকে সিং, অফিসিয়েটিং কমান্ডেন্ট এসবি মুর্খার্জী, রৌশনবাগ ব্যাটালিয়নের অফিসিয়েটিং কমান্ডার কেএস রানা, কৃষ্ণনগর সেক্টরের স্টাফ অফিসার আরএন রাও ও ওপি শার্মা। বাংলাদেশের কয়েকজন সাংবাদিকও বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২০ ঘ.