ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শহরে ওয়াসা নতুন পানির পাম্প বসানোর জায়গা পাচ্ছে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন ওয়াসা চেয়ারম্যান।
বর্তমানে রাজধানীতে পানির চাহিদা দুইশ ২০ কোটি লিটার উল্লেখ করে তিনি জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে ওয়াসা একশ ৯০ কোটি লিটার পানি উৎপাদন করতে পারে।
"বর্তমানে ওয়াসার ১০টি নতুন পানির পাম্প বসানোর সক্ষমতা রয়েছে," জানিয়ে ওয়াসা চেয়ারম্যান বলেন, "গুলশান, উত্তরা, বাড্ডা এলাকায় পানির পাম্প বসানোর জন্য জায়গা পাওয়া যাচ্ছে না।"
ওয়াসা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাক সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জমিতে পানির পাম্প বসিয়ে থাকে ওয়াসা।
প্রতিবারের মতো এবারও ১ এপ্রিল থেকে রাজধানীর প্রতিটি পাম্প হাউজে সেনাবাহিনী মোতায়েন হবে বলেও জানান মোস্তফা।
তিনি জানান, বৃষ্টি শুরু হলে আগামী একমাসের মধ্যে পানি সমস্যা অনেকাংশে চলে যাবে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে মাসখানেকের মধ্যে সেনাবাহিনী উঠিয়ে নেওয়া হবে।
ঢাকা ওয়াসার অধীনে নারায়ণগঞ্জের একটিসহ মোট ১০টি আঞ্চলিক কার্যালয়ে পাঁচশ ৪৬টি পাম্প রয়েছে। এগুলোর মধ্যে দুশ ৯৩টি পাস্প জেনারেটরে চলছে।
৮০টি পাম্প বিদ্যুতের বিকল্প সংযোগ দিয়ে চালানো হচ্ছে। বাকিগুলোতে জেনারেটর ব্যবস্থা করতে পারলে বা বিদ্যুৎ সরবরাহ করতে পারলে পানি সমস্যা অনেকাংশে সমাধান করা যেত বলে মন্তব্য করেন মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১০৮ ঘ.
bdnews24