নারায়ণগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাস সংকট নিরসনের দাবিতে তিতাস গ্যাস এর নারায়ণগঞ্জ কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয় ঘেরাও করা হয়।
দ্রুত সমস্যা সমাধান করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুমকি দেয় বিক্ষুদ্ধ এলাকাবাসী।
এ সময় তিতাস গ্যাস কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।
তিতাস গ্যাসের ফতুল্লা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক শেখ আবু রায়হান দ্রুত গ্যাসের সমস্যা সমাধাণের আশ্বাস দিলে এলাকাবাসী ঘেরাও কর্মসূচি তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকালে ফতুল্লার ইসদাইর, মাসদাইর, গাবতলী পশ্চিম মাসদাইর, উত্তর মাসদাইর আলামিন বাগ এলাকার এলাকাবাসী গ্যাসের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে।
পরে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ ও ফতুল্লায় তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। গ্যাস সংকটের কারণে জনজীবন বিপন্ন হয়ে উঠেছে।
গ্যাস সংকটের কারণে ভোলাইল, কাশীপুর, বিসিক, বাড়ৈভোগ, পশ্চিম দেওভোগ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, বাবুরাইল, মাসদাইর, পশ্চিম মাসদাইর, উত্তর মাসদাইর গলাচিপা, ডিএন রোড, ভুঁইয়ার বাগ, ইসদাইর, খানপুর, আমলাপাড়া, গাবতলী, নিতাইগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগে রয়েছে।
অন্যদিকে গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
তারা বলেন, বার বার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানালেও তারা কার্যকর কোন ব্যবস্থা নেয়নি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আমির হোসেন সাংবাদিকদের বলেন, "আমরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি না। এক লাখ ৪৪ হাজার মিলিয়ন ঘনফটু গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৭৫ হাজার মিলিয়ন ঘনফুট। এ কারণেই সংকট সৃষ্টি হচ্ছে।"
গ্যাস সংকট সমাধানে রেগুলেটার স্টেশন স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এটা স্থাপন করা হলে এ অঞ্চলের গ্যাস সংকট অনেকাংশে কমে যাবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24