২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১৯ টাকা কেজি দরে গম কিনবে সরকার

অভ্যন্তরীণ উৎপাদন থেকে ১৯ টাকা ৫০ পয়সা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৭ এপ্রিল এক মাসের জন্য এ কার্যক্রম শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ উৎপাদন থেকে ১৯ টাকা ৫০ পয়সা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৭ এপ্রিল এক মাসের জন্য এ কার্যক্রম শুরু হবে। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, এ বছর অভ্যন্তরীণ বাজার থেকে সরকার ৫০ হাজার টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। কেজি প্রতি এ বছর গমের উৎপাদন ব্যয় হয়েছে ১৮ টাকা ২৯ পয়সা। সরকার কৃষকদের প্রণোদনা হিসেবে এক টাকা ২১ পয়সা মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসাবে প্রতি কেজি গম ১৯ টাকা ৫০ পয়সায় কেনা হবে। আগামী ৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এক মাস এ গম সংগ্রহ করা হবে। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষি সচিব সি কিউ কে মুশতাক আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোখলেছুর রহমান, খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্র (বিডি মিত্র), খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহম্মদ হোসেন খান উপস্থিত ছিলেন। গমের অভ্যন্তরীণ উৎপাদন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, দেশে এ বছর গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল সাড়ে নয় লাখ টন। তবে অনুকূল পরিবেশ থাকায় গমের উৎপাদন আরো বেশি হবে। সরকার কৃষকদের প্রণোদনা দিতে এর মধ্য থেকে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করবে। তিনি জানান, দেশে বর্তমানে গমের মোট চাহিদা প্রায় ৩০ লাখ টন। অভ্যন্তরীণভাবে ১০ লাখ টন গম উৎপাদন হয়। বাকি গম সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বিদেশ থেকে আমদানি করা হয়। এবারো একইভাবে গম আমদানি করা হবে। চলতি অর্থবছরেও দেশে প্রায় ২০ লাখ টন গম আমদানি করা হয়েছে বলে তিনি জানান। সভায় চলতি বোরো মৌসুমে উৎপাদিত হতে যাওয়া ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারিত হয়নি। উৎপাদন পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিটির পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান খাদ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে বোরোর চাষ মৌসুম চলছে। এ উৎপাদন থেকেও সরকার চাল সংগ্রহ করবে। তবে কী মূল্যে চাল কেনা হবে, তা এখনো নির্ধারিত হয়নি। কমিটির পরবর্তী সভায় এটি নির্ধারিত হবে। "তবে এ বছর ধানের উৎপাদনে কেজি প্রতি ২১ টাকা ৬৫ পয়সা ব্যয় হয়েছে। এটি মাথায় রেখেই কমিটি মূল্য নির্ধারণ করবে।" সভায় বাজার মূল্য নিয়ন্ত্রণে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু রাখার সিদ্ধান্ত হয় বলেও জানান খাদ্যমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৯০১ ঘ.