রংপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে সেনাসদস্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শহরের জেলা পরিষদ সুপার মার্কেট থেকে দুলাল ওরফে মার্কিন দুলালকে (৪২) গ্রেপ্তার করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী পরে সাদগারা এলাকার বাসা থেকে তার স্ত্রী কোহিনুর বেগম (৩৪) ও ছেলে আব্দুর রশীদকে (১৮) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই করার টাকা ও মোবাইল ফোন সেট।
দুলাল ছিনতাইকারী দলের সদস্য এবং সেনাসদস্য হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে কোতয়ালি থানার ওসি আবদুর রশীদ জানান।
রোববার ভোরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রিকশায় করে শহরের মুলাটোল মহল্লার বাসায় যাওয়ার পথে পাকার মাথা নামক স্থানে ছিনতাইকারীরা সেনাসদস্য আসাদুল ইসলামকে ছুরি মেরে হত্যা করে। ছিনিয়ে নেওয়া হয় টাকা ও মোবাইল ফোন সেট।
ওসি জানান, রাত সাড়ে ১০টার দিকে ছিনতাইকারী দলের নেতা দুলালকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেন।
পুলিশের জিজ্ঞসাবাদে দুলাল জানান, সেনাসদস্যের কাছ থেকে তার দল নয় হাজার ৪০০ টাকা ছিনতাই করে। তিনি ভাগে পান ছয় হাজার টাকা। এ টাকা দিয়ে তিনি স্ত্রীর জন্য একটি শাড়ি, মশারি ও ছেলের জন্য একটি প্যান্ট কেনেন।
ওসি জানান, দুলালের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া মোবাইল ফোন সেটটি তার ছেলে আব্দুর রশীদের কাছ থেকে উদ্ধার করা হয়। আর স্ত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় চার হাজার ১০০ টাকা।
ছিনতাই করা জিনিসপত্র রাখার অভিযোগে দুলালের ছেলে ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৯ ঘ.
bdnews24