ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ পাঁচ আসামিকে অন্তবর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. শহীদুল ইসলামের অবকাশকালীন একক হাইকোর্ট বেঞ্চ পাঁচ জামায়াত নেতার পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
মামলার অন্যান্য আসামিরা হলেন জামায়াতের নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খান ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
গত ১৭ মার্চ ঢাকার মগবাজারে ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমীর নিজামীকে মহানবী হযরত মুহাম্মদের (সা.) সঙ্গে তুলনা করা হয়। এতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে অভিযোগে করে চাঁদপুর, লালমনিরহাট, খুলনা, রাঙ্গামাটিতে পৃথক মামলা হয়।
এই মামলা চারটিতে তাদেরকে ৪ এপ্রিল পর্যন্ত আগাম জামিন দেয় আদালত। ওই তারিখে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে আবেদনগুলো উপস্থাপন করতে বলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগের অভিযোগে পিরোজপুরে মামলা হয় গত ৮ সেপ্টেম্বর ।
এ মামলায় সাঈদীকে ৪ এপ্রিল পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
তাদের পক্ষে আগাম জামিনের আবেদন ও এর শুনানি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। সরকার পক্ষে এই জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/পিডি/২০২৬ ঘ.
bdnews24