ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর এলাকায় রোববার সকালে মাইক্রোবাস চাপায় এক মাদ্রাসা ছাত্র মারা গেছে।
এ ঘটনায় দুই এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুজন আহত হয়েছে। এর জের ধরে লোকজন দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বলে পুলিশ জানিয়েছে ।
নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে দুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: নিহত মো. এহসানুল হক ফাহিম (১০) শাহরাস্তির হোসেনপুর গাউছিয়া হাশেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। সে সুয়াপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ফাহিম হোসেনপুর মাদ্রাসার জন্য যানবাহনের যাত্রীদের কাছ থেকে টাকা তুলছিল।
এ সময় শাহরাস্তির কালিয়াপাড়া থেকে কচুয়ার আমুজানগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
ঘটনার পর কচুয়ার আমুজান এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করে। গাড়ি ছাড়িয়ে নিতে হোসেনপুর থেকে লোকজন আসে। এ নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে দুজন আহত হয় বলে এসআই কবির জানান।
নারায়ণগঞ্জ: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাতে বাস চাপায় সন্তোষ চন্দ্র পাল (৫৫) নামে এক জেলে মারা গেছে। তিনি লাঙ্গলবন্দের তাজপুর গ্রামের বাসিন্দা।
ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার (ওসি) হারুন-অর-রশিদ।
তিনি জানান, ঢাকা থেকে বোরাক পরিবহনের একটি বাসে করে সন্তোষ লাঙ্গলবন্দে আসেন। বাস থেকে নামার পর ওই পরিবহনের অপর একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় রোববার সকাল সাড়ে ৭টায় বাসের ধাক্কায় সোহরাওয়ার্দী (৫০) নামের এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে।
তার বাড়ি ভূঁইগড় পূর্বপাড়া এলাকায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল আলম খান।
তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯০৯ ঘ.
bdnews24