২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিদ্রোহের মামলায় আরো ১১ জনের সাক্ষ্য

ফেনীর ১৯ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় রোববার আরো ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে ২৫ জনের সাক্ষ্য নেওযা হলো। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 07:44 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

ফেনী, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ১৯ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় রোববার আরো ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে ২৫ জনের সাক্ষ্য নেওযা হলো। এ ছাড়া ২২ আসামি আত্মপক্ষ সমর্থন করে মৌখিক ও লিখিত বক্তব্য দিয়েছেন। তারা কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আদালতের কার্যক্রম সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। প্রায় দুই মাস পর দাগনভূঞা উপজেলার জয়লস্করে ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে রোববার সকাল পৌনে ১১টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতের নেতৃত্বে ছিলেন- বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। র‌্যাব-পুলিশ পাহারায় ৬২ আসামিকে ফেনী কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন সাক্ষীদের পর্যায়ক্রমে ডাকেন। সাক্ষ্য দেন- সিপাহী মো. পাভেল মিয়া, ল্যান্স নায়েক মো. আনোয়ারুল ইসলাম, সিপাহী মো. আবু সাঈদ, নায়েক মো. জাকিরুল ইসলাম, সিপাহী রুহুল আমীন মৃধা, হাবিলদার মো. আলতাফ হোসেন, নায়েক মো. কুদ্দুসুর রহমান ও নায়েক সিগন্যাল আহমদ নুর। দোষ স্বীকার না করা আসামি হাবিলদার রুহুল আমিনের পক্ষে সিপাহী মো. জাহিদুল ইসলাম এবং ঝাডুদার আবদুল হক ও সিপাহী মো. মঈন উদ্দিন রনির পক্ষে ল্যান্স নায়েক মো. মোস্তফা কামাল সাক্ষ্য দেন। মধ্যহ্ন বিরতির পর আদালতে মৌখিক ও লিখিত বক্তব্য দেন- দোষ স্বীকার করা আসামি সুবেদার মেজর ফকির আবদুল জলিল, নায়েক সুবেদার মো. ইয়াসিন আলী, আফাজ উদ্দিন, হাবিলদার খুরশিদ করিম, শাহজামাল সরকার, ফজলুল হক, মো. আলী, মো. এমদাদুল হক সরকার, মো. আবদুর রশিদ, মো. ফিরোজ কবির, নায়েক মাহবুবুর রহমান, এমরানুল হক ভূঞা, মো. মোকলেছুর রহমান, মো. দুলাল মিয়া, ওসমান হায়দার, ল্যান্স নায়েক সিগন্যাল মো. সাইফুল ইসলাম, ল্যান্স নায়েক স্বপন কুমার দাশ, সিপাহী মো. আবু হানিফ। আরো বক্তব্য দেন- দোষ স্বীকার না করা আসামি হাবিলদার মো. রুহুল আমিন, সিপাহী মো. মঈন উদ্দিন রনি, মো. মিজানুর রহমান ও মো. বশির আহমেদ। এরা প্রায় সবাই না বুঝে ভুল করেছিলেন বলে দাবি করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। বিচারক প্যানেলের অপর দুই সদস্য ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ফরহাদ আহমদ। আসামিদের আত্মপক্ষ সমর্থনে সহায়তা দেন মেজর আরিফ শাহরিয়ার শামস। আদালতের প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল গাজী মোহাম্মদ সালাহউদ্দিন জানান, মামলার ১৪ সাক্ষীর সাক্ষ্য আগেই নেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি পর্যন্ত ১৪ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। মামলার ৬২ আসামির মধ্যে ৫৮ জন ইতিমধ্যে দোষ স্বীকার করেছেন। গত বছরের ফেব্র"য়ারিতে রাজধানীতে বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হয়। ওই সময় বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেনীসহ কয়েকটি ব্যাটালিয়ন ও সেক্টরের কিছু সদস্য। ফেনীর বিদ্রোহীরা অস্ত্র হাতে তুলে নেয় এবং ফেনী-মাইজদী সড়ক অবরোধ করে। এই ঘটনায় দাগনভূঞা থানা পুলিশ ৬২ বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা করে। তারা ফেনী কারাগার রয়েছেন। দোষ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। গত বছরের ২০ ডিসেম্বর ফেনীতে বিদ্রোহের বিচার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/২০০২ ঘ.