চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে এক সময়ে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সভা ডাকায় চাঁপাইনবাবগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শহরের শহীদ সাটু হল এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কেএম আলী আজম।
সাটু হলে বিকাল ৩টায় কর্মীসভা ডাকে জামায়াতে ইসলামী। সেখানে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের থাকার কথা। একই সময় সেখানে আওয়ামী লীগও সভা করার ঘোষণা দেয়।
"আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়", সাংবাদিকদের বলেন জেলা প্রশাসক।
শনিবার রাতে শহরে মাইকিং করে ১৪৪ ধারার জারির ঘোষণা দেওয়া হয়।
এদিকে মুজাহিদ শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেস্ট হাউসে উঠেন।
তাকে 'যুদ্ধাপরাধী' আখ্যা দিয়ে তার আসার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ রাতেই শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩২২ ঘ.
bdnews24