দিনাজপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের নবাবগঞ্জে এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১২টার দিকে মাছুয়াপাড়া এলাকায় তাদের ওপর হামলা হয় বলে নবাবগঞ্জ থানার ওসি খালদ হাসান জানিয়েছেন।
নিহতরা হলেন- বিনোদনগর ইউনিয় পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম (৪৫) ও তার সহযোগী এনামুল হক জুয়েল (৪০)।
ওসি খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রাত ১২টার দিকে সিরাজ ও জুয়েল সন্ত্রাসীদের কবলে পড়ে।
"তারা মোটর সাইকেলে ছিলেন। মাছুয়াপাড়া এলাকায় সন্ত্রাসীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে রেখে যায়।"
দুজনকে স্থানীয়রা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান, তারা মারা গেছেন।
হামলাকারীরা কিছু নিয়ে যায়নি জানিয়ে ওসি বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটছে বলে মনে হচ্ছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24