ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত কলাবাগান ও ধানমণ্ডি মাঠ সংলগ্ন এলাকার ১২টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে।
রাত ৯টায় শুরু হওয়া এ অভিযান ভোর ৫টা পর্যন্ত চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী মেজিস্ট্রেট খলিল আহমেদ।
তিনি জানান, অভিযান চলাকালে কয়েকজন নিজেদের লোক দিয়েই তাদের বিলেবোর্ড সরিয়ে নেন। এ সময় বিলবোর্ডের নিচে থাকা এক ফল ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
গত ১৫ মার্চ ঝড়ের সময় গুলশানে বিলবোর্ডে চাপা পড়ে দুইজনের মৃত্যুর পর ১৮ মার্চ ঢাকা সিটি কর্পোরেশন শাহবাগে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নামে। তবে পুলিশের 'অসহযোগিতা'র কারণে দুই ঘণ্টার মধ্যেই অভিযান শেষ করতে হয়।
এরপর একটি রিট আবেদনে ২১ মার্চ হাইকোর্ট অবিলম্বে ঢাকার সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের নির্দেশ দেয়। এর দুদিন পর এক জরুরি বৈঠকে সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিসিসি।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, ডিসিসি শনিবার ধানমণ্ডি এলাকা, ১ এপ্রিল গুলশান থানার কুড়িল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত এলাকা, ৮ এপ্রিল ফার্মগেট থেকে বিজয় সরণি এলাকা এবং ১৫ এপ্রিল আগারগাঁও এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/এইচএ/২৩৪৪ ঘ.
bdnews24