শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ বিলবোর্ড উচ্ছেদে সপ্তাহে একদিন অভিযান চালায় ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।
অবৈধ বিলবোর্ড কতটি- তা সুনির্দিষ্ট করে বলতে না পারলেও এ সংখ্যা আড়াই হাজার বলে ডিসিসি কর্মকর্তাদের ধারণা।
প্রতিদিনের অভিযানে ১০ থেকে ১২টি বিলবোর্ড উচ্ছেদ করা হচ্ছে। সে হিসেবে অবৈধ সব বিলবোর্ড উচ্ছেদে পাঁচ বছর সময় লেগে যেতে পারে- এ কথা বলছেন খোদ সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।
"তবে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলো নিজেদের অবৈধ বিলবোর্ড সরিয়ে নিলে এত সময় নাও লাগতে পারে", বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
বিলবোর্ড উচ্ছেদ অভিযানে গতিহীনতার জন্য লোকবলের অভাবকেই দায়ী করেন সিরাজুল।
তিনি বলেন, উচ্ছেদ কার্যক্রমের জন্য স্থায়ী কর্মী না থাকায় অন্য বিভাগ থেকে লোক নিয়ে আসতে হয়।
বর্তমানে বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রমে চারটি গ্যাস কাটার, একটি ক্রেন, দুইটি ডাম্পার, দুইটি ট্রাক, একটি বুলডোজার ও ৩০ থেকে ৪০ জন কর্মী অংশগ্রহণ করে। এর মধ্যে দুইটি গ্যাস কাটার ভাড়ায় আনা।
নগর পরিকল্পনাবিদ জানান, অবৈধ বিলবোর্ড উচ্ছেদে বিকল্প কোনো ব্যবস্থা বা উচ্ছেদ কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার চিন্তা-ভাবনাও করা হচ্ছে।
রাজধানী ঢাকায় বর্তমানে বৈধ বিলবোর্ডের সংখ্যা ৫০০টি, বিভিন্ন বিজ্ঞাপন রয়েছে তাতে।
গত ১৫ মার্চ ঝড়ের সময় গুলশানে বিলবোর্ডে চাপা পড়ে দুইজনের মৃত্যুর পর ১৮ মার্চ ঢাকা সিটি কর্পোরেশন শাহবাগে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নামে। তবে পুলিশের 'অসহযোগিতা'র কারণে দুই ঘণ্টার মধ্যেই অভিযান শেষ করতে হয়।
এরপর একটি রিট আবেদনে ২১ মার্চ হাইকোর্ট অবিলম্বে ঢাকার সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের নির্দেশ দেয়। এর দুদিন পর এক জরুরি বৈঠকে সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিসিসি।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, ডিসিসি শনিবার ধানমণ্ডি এলাকা, ১ এপ্রিল গুলশান থানার কুড়িল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত এলাকা, ৮ এপ্রিল ফার্মগেট থেকে বিজয় সরণি এলাকা এবং ১৫ এপ্রিল আগারগাঁও এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
সিরাজুল বলেন, প্রতিষ্ঠানগুলো একটি বিলবোর্ড তৈরিতে এক থেকে দেড় লাখ টাকা খরচ করে। প্রতিষ্ঠানগুলো ক্ষতি থেকে বাঁচতে নিজেরাই অবৈধ বিলবোর্ড প্রত্যাহার করলে এক বছরের মধ্যে রাজধানী অবৈধ বিলবোর্ড মুক্ত হওয়া সম্ভব।
এ বিষয়ে বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বেছায় বিলবোর্ড সরিয়ে নেওয়া বিষয়ে অ্যাসোসিয়েশন কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি।
"তবে ডিসিসি ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো চিহ্নিত করে দিলে প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সেগুলো সরিয়ে নিতে পারে", বলেন নেপচুন এডভারটাইজিংয়ের এ ব্যবস্থাপনা পরিচালক।
ঢাকায় বিলবোর্ড বসানোর এখতিয়ার শুধু সিটি কর্পোরেশনের হলেও পুলিশ বিভিন্ন স্থানে বিজ্ঞাপন নিয়ে বক্স বসিয়েছে। সেগুলো কোনো আইনে করা হয়েছে, হাইকোর্ট তাও জানতে চেয়েছে।
তবে ডিসিসির বর্তমান অভিযানে কোনো পুলিশ বক্স উচ্ছেদের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিরাজুল।
তিনি বলেন, "রাজধানীর প্রায় ৫৫টি পুলিশ বক্সের ব্যাপারে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্তের পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/পিডি/এমআই/১১২৪ ঘ.
bdnews24