ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৫ বছর পর নতুন করে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরুর প্রেক্ষাপটে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতার ৩৯ তম বার্ষিকী পালনে প্রস্তুত গোটা জাতি।
রাষ্ট্রীয়ভাবে দিনটিকে বরাবরের মতো জাতীয় দিবস হিসেবেও পালন করা হবে।
বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে এক মিনিটের জন্য আলো নিভিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাত্রিকে স্মরণ করেছে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনরত মুক্তিযোদ্ধাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম।
রাত ১২টার পর ২৬ মার্চের প্রথম প্রহরে সোহরাওয়ার্দি উদ্যানে শিখা অনির্বানের বেদিতে মোমবাতি প্রজ্বলন করে দিবসটি পালনের কর্মসূচির সূচনা করে সংগঠনটি।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বাণী দিয়েছেন।
দিবস উপলক্ষে সব সরকারি ও আধা সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর দুই পাশের সড়কে জাতীয় পতাকা ও নানা রঙের উৎসব পতাকা ওড়ানো হয়েছে।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ২৫ মার্চের ভয়াল সেই রাতের স্মরণে নানা কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
অপারেশন সার্চ লাইট নামের কুখ্যাত এক সেনা অভিযানে ওই রাতে বাঙালিদের ওপর গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী।
দীর্ঘ ৩৫ বছর পর এই ২৫ মার্চেই একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বিচারক প্যানেল ও তদন্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে সরকার।
আইনমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার একইসঙ্গে প্রকাশ করেন আদালতের আইনজীবীদের নামও।
বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে যুদ্ধাপরাধ বিচারে তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী প্যানেল ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে সোহরাওয়ার্দি উদ্যানে শিখা অনির্বাণ, রাজারবাগ পুলিশ লাইনের স্মৃতিসৌধে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পৃথক তিনটি অনুষ্ঠানের মাধ্যমে সেক্টর কমান্ডারস ফোরাম ২৫ মার্চের কালরাত্রিকে আলো নিভিয়ে স্মরণ করেছে। এক মিনিট আলো নিভিয়ে রাখার কর্মসূচির পর সেক্টর কমান্ডারসহ ১২ জন মুক্তিযোদ্ধা মশাল প্রজ্বলন করে তা নতুন প্রজন্মের তরুণদের হাতে তুলে দেন। পরে ১২ তরুণ অনুষ্ঠানে উপস্থিত সবার হাতের মোমবাতি জ্বালিয়ে ২৬ মার্চের স্বাধীনতা দিবসের প্রথম প্রহরকে স্বাগত জানান।
মুক্তিবাহিনীর উপ প্রধান এ কে খন্দকার, সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ, সি আর দত্ত, আবু ওসমান চৌধুরী, মুক্তিযোদ্ধা অজয় রায়, হারুন অর রশীদ, রেজাউল হায়াত, সারোয়ার আলী, ম হামিদ, সৈয়দ সদরুজ্জামান, মমতাজ বেগমসহ ১২ জন মুক্তিযোদ্ধা মশাল জ্বালিয়ে তা নতুন প্রজন্মের ১২ জনের হাতে তুলে দেন।
শিখা অনির্বাণ-এ এই অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষের সমাবেশ ঘটে।
এ কে খন্দকার সংক্ষিপ্ত বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, ''১/২ বছরের মধ্যে যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে বলে আমি বিশ্বাস করি। এর মাধ্যমে জাতি অভিশাপ মুক্ত হবে।''
পাকিস্তানি সৈন্যদের পরাজিত করতে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথাও তুলে ধরেন মুক্তিবাহিনীর এ উপ প্রধান।
বৃহস্পতিবার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোর মিছিলের আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ডেপুটি স্পিকার শওকত আলী, সেক্টর কমান্ডারস ফোরামের নেতা ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। মিছিলটি শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গণকবরে গিয়ে শেষ হয়। এখানে নেতারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীনতা দিবসের প্রধান সরকারি কর্মসূচির মধ্যে আছে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৯টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেছেন।
স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দল ক্ষমতাসীন আওয়ামী লীগ স্মৃতিসৌধে ফুল দিয়ে ধানমণ্ডিতে বাঙালির দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেবে।
পরদিন ২৭ মার্চ বিকাল তিনটায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে তাদের আলোচনা সভার কর্মসূচি।
'৭১ সালের ২৫ মার্চের রাতে ঢাকায় গণহত্যা চলাকালে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু তার বার্তায় আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা দেন।
এর আগে ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় কার্যত স্বাধীনতার ঘোষণা দেন।
বিএনপি স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের পর শুক্রবারে সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও যুদ্ধের একটি সেক্টরের প্রধান জিয়াউর রহমানের কবরে ফুল দেবে। বিএনপির সাবেক প্রধান জিয়াউর রহমান ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
দলটি বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রার আয়োজন করবে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা হবে।
মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করে এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।
দিসবটি উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা স
bdnews24