২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর ও জয়পুরহাট বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর ও জয়পুরহাট বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ হয়েছে। আগামী ৩৫ দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নাটোর সদর উপজেলার ১৭টি গ্রামের কৃষকরা জেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় অবরোধ করে। চাঁপাইনবাবগঞ্জে মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে কৃষকলীগ। জামালপুর সদরের নান্দিনা অঞ্চলের পল্লী বিদ্যুৎ-এর গ্রাহক, ছাত্র-জনতা জামালপুর-ময়মনসিংহ সড়ক দুপুর ১২ টা থেকে তিন ঘণ্টা অবরোধ করে রাখে। জয়পুরহাটের কালাই উপজেলার আলুচাষীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নাটোর: সকাল ১১টায় নাটোরের হালতি বিল সংলগ্ন ১৭টি গ্রামের কয়েক'শ কৃষক শহরের ফুলবাগান মহল্লায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় ঘেরাও করে। এতে কার্যালয়ের সব কাজকর্ম বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি সমিতির মহাব্যবস্থাপক রেজাউল করিমকে সঙ্গে নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আগামী পাঁচদিন ন্যূনতম সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্র"তি দিলে কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। চাঁপাইনবাবগঞ্জ: সকালে শহরের পাওয়ার হাউস মোড় থেকে বিদ্যুতের দাবিতে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মুসফিকুর রহমান টিটো, উপজেলা কৃষকলীগের সভাপতি মারাফুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। তারা বরেন্দ্র অঞ্চলের হাজার হাজার বিঘা জমির ধান রক্ষায় কমপক্ষে ১৮-২০ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। তা না হলে আন্দোলনে নামার হুমকি দেন তারা। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেন। জামালপুর: সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলী ওরফে রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্লী দি্যুৎ প্রতিদিন নান্দিনা এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্র"তি দিলেও গত ২৪ ঘণ্টার মধ্যে তারা এক ঘণ্টাও বিদ্যুৎ পাননি। তিনি জানান, বিদ্যুতের দাবিতে এলাকার ছাত্র-জনতা জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিকাল ৩টার দিকে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে দিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় বলে জানিয়েছেন ওসি আব্দুল মতিন। এ ব্যাপারে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। জয়পুরহাট: কালাই উপজেলার আলুচাষীরা বালাইট নামক স্থানে জয়পুরহাট-বগুড়া সড়কের পাশে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- আলুচাষী আব্দুস সবুর, বাবলা চৌধুরী ও স্থানীয় একটি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আব্দুল মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.