ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে বিষক্রিয়ায় হত্যাচেষ্টার অভিযোগ এনে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলা খারিজ হওয়ায় আওয়ামী লীগের সঙ্গে ফখরুদ্দিন-মইনের 'যোগসাজশ' স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, " সালাহউদ্দিন কাদেরের ওই মামলা খারিজ হয়ে যাওয়ার মধ্য দিয়ে সরকারের মুখোশ উন্মেচিত হয়ে গেছে। তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ ও সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের সহযোগিতায় আওয়ামী লীগ যে ক্ষমতায় এসেছে তা আজ জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে।"
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, দেশের আইনের শাসন যে নেই-এটাই তার প্রমাণ। বিচার বিভাগের স্বাধীনতা এই সরকার বিনষ্ট করেছে। বিরোধী দলের সাংসদ কিংবা ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে মামলা করলে তা খারিজ করে দেয় আদালত। আবার ওই একই আদালতে সরকারি দলের সাংসদ বা কেউ বিরোধী দলের বিরুদ্ধে মামলা করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
বুধবার সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহাম্মেদ, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদসহ সাতজনের বিরুদ্ধে শেখ হাসিনাকে বিষক্রিয়ায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। শুনানি শেষে বিকালেই তা খারিজ করে দেয় আদালত।
হিউম্যান রাইটস এডভোকেসী কাউন্সিলের উদ্যোগে 'বিপন্ন মানবাধিকার : প্রতিশ্র"তি ও বাস্তবায়ন' শীর্ষক এই আলোচনা সভায় সংগঠনের প্রধান ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতিকে 'সবচেয়ে খারাপ' অভিহিত করে সাবেক আইনমন্ত্রী মওদুদ দাবি করেন, গত এক বছরে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ক্রস ফায়ারে (বিচারবর্হিভূতভাবে) হত্যা করা হয়েছে। এটা সর্বোচ্চ রেকর্ড। পুলিশি হেফাজতে মৃত্যুর সংখ্যাও গত এক বছরে রেকর্ড সৃষ্টি করেছে। ১৯৭৫ সালের পর এই সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের অতীত রেকর্ড ভঙ্গ হয়েছে।
তিনি বলেন, ''সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে- সময় যখন কমে আসবে তখন তারা টের পাবে। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ বিদ্যুৎ নেই, পানি-গ্যাস নেই। আমরা চাই আর না চাই এই সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটবেই।''
পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির কথা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ সাংসদ বলেন, বাংলাদেশ থেকে ওই অঞ্চলকে বিচ্ছিন্ন করতেই এই 'অশান্ত পরিস্থিতির' সৃষ্টি করা হয়েছে। বাঙালিদের বিতাড়িত করতেই এরকম পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সংগঠনের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ অসীমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, কোষাধ্যক্ষ আবদুল মান্নান, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কায়সার কামাল ও মেহনাজ মান্নান, উলামা দলের হাফেজ আবদুল মালেক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএম/এইচএ/২০৫৯ ঘ.
bdnews24