২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দম্পতি' হত্যায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

রাজধানীর কালাচাঁদপুরে বুধবার দম্পতি হত্যায় জড়িত রুবেল ও মিথুনকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

ঢাকা, মার্চ ২৫ (ঢাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কালাচাঁদপুরে বুধবার দম্পতি হত্যায় জড়িত রুবেল ও মিথুনকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গুলশান থানার ওসি কামাল উদ্দিন বৃহস্পতিবার জানান, রুবেল ও মিথুন এবং তাদের আত্মীয়দের মোবাইল ফোনে নজরদারি করা হচ্ছে। রুবেল মোবাইলের সাতটি এবং মিথুন তিনটি সিম ব্যবহার করতেন বলে জানান কামাল। গুলশান বিভাগের পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুবেল ও মিথুনকে গ্রেপ্তারে ঢাকা এবং ঢাকার বাইরে অভিযান চলছে। থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্য এ ব্যাপারে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করছে বলে জানান তিনি। মনির জানান, মিথুনের মা রীতা রাণি চন্দ্রকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া রুবেলের বাবা-মাকেও খোঁজা হচ্ছে। নিহত দম্পত্তি ব্যবসায়ী সাদিকুর রহমান ও তার স্ত্রী রোমানা নার্গিসের একমাত্র ছেলে সাদিকুর রহমানের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালে কালাচাঁদপুরে জানাযা শেষে আছরের পর তাদের গ্রামের বাড়ি নোয়াখালিতে দম্পতির দাফন হবে। শিহাবুর রহমান শিহাব বুধবার রাতেই মালয়েশিয়া থেকে ঢাকায় এসেছেন। শিহাবের বোন ফরিদা ইয়াসমীন সাথি বৃহস্পতিবার রাতে জাপান দেশে ফেরার কথা। নিহত দম্পতির দুই মেয়ে সুমাইয়া ইয়াসমীন বিথী এবং নিলুফার ইয়াসমীন ইতি যারা ঘটনার প্রত্যক্ষ করেছেন বর্তমান অবস্থার কারণে তাদের এখনো পূর্ণাঙ্গ জিজ্ঞসাবাদ করা হয়নি বলে জানান অতিরিক্ত উপ কমিশনার মনির। দাফন হওয়ার পর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তাদের জিজ্ঞসাবাদ করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ নার্সারি মালিক সমিতির চেয়ারম্যান এমএ হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। শুক্রবার জানাযা শেষে বিশ্বরোডে একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হবে বলে জানান হাকিম। বুধবার সকাল সাড়ে ৯টায় গুলশানের কালাচাঁদপুরের নিজ বাসায় ব্যবসায়ী সাদিকুর রহমান ও তার স্ত্রী রোমানা নার্গিস খুন হন। সাদিকুরের ছোট মেয়ে ইতির কথিত প্রেমিক রুবেল ও তার বন্ধু মিথুন বাসার ভেতর ঢুকে এই হত্যাকাণ্ড ঘটান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০১৫ ঘ.