২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: তদন্তকারী ও বিচারকদের নাম ঘোষণা

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বিচারক প্যানেল ও তদন্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে সরকার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 10:38 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বিচারক প্যানেল ও তদন্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে সরকার। আইনমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার একইসঙ্গে প্রকাশ করেছেন আদালতের আইনজীবীদের নামও। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে যুদ্ধাপরাধ বিচারে তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী প্যানেল ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হয়। আইনমন্ত্রী কয়েকমাস ধরে বলে আসছিলেন, শিগগিরই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের নাম ঘোষণা হবে। এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, মার্চের প্রথম সপ্তাহেই তা ঘোষণা হবে। সে সময় পার হওয়ার পর গত সপ্তাহে তিনি বলেন, ২৬ মার্চের মধ্যেই ঘোষণা আসবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে বিচারপতি নিজামুল হককে। সদস্য থাকছেন বিচারপতি এটিএম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ একেএম জহির আহমেদ। সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মতিনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তারা হলেন- সাবেক অতিরিক্ত আইজিপি আবদুর রহিম, সাবেক ডিআইজি কুতুবুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর এএসএম শামসুল আরেফিন, সিআইডির অতিরিক্ত ডিআইজি মীর শহীদুল ইসলাম, সিআইডি ইন্সপেক্টর নূরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। আইনজীবী প্যানেলের প্রধান থাকবেন গোলাম আরিফ টিপু। সদস্যরা হলেন- সৈয়দ রেজাউর রহমান, গোলাম হাসনাইন, জহির আহমেদ, রানা দাশগুপ্ত, জেয়াদ আল মালুম, সৈয়দ হায়দার আলী, খোন্দকার আবদুল মান্নান, মোশাররফ হোসেন কাজল, নুরুল ইসলাম সুজন, সানজিদা খানম ও সুলতান মাহমুদ শিমন। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়। এরপর বাজেটে ১০ কোটি টাকাও বরাদ্দ দেয় সরকার। এর আগে গত সেপ্টেম্বরে ১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল (অ্যাক্ট) আইনও সংশোধন করা হয়। পুরনো হাইকোর্ট ভবনে যুদ্ধাপরাধ আদালতের অবকাঠামো স্থাপনের কাজ ইতিমধ্যে শেষ করেছে আইন মন্ত্রণালয়। শফিক আহমেদ গত ১৮ মার্চ সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার 'যুদ্ধাপরাধ আইন'-এ নয়, বিচার হবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট-এর আওতায়। "যুদ্ধকালে যে সব অপরাধ মানবতাবিরোধী বলে চিহ্নিত, তার সবই এ আইনের আওতায় পড়ে", বলেন তিনি। চিহ্নিত যুদ্ধাপরাধীদের একটি তালিকা তৈরি করা হবে- সরকারের কয়েকজন মন্ত্রী প্রথমে একথা বললেও পরে জানানো হয়, তদন্ত সংস্থাই এ কাজটি করবে। তদন্তকারী সংস্থা, বিচারক প্যানেল ও আইনজীবী প্যানেল-এর নাম ঘোষণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, আইন সচিব আনোয়ারুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/কিউএইচ/এমআই/১৮৩২ ঘ.