বাগেরহাট, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনের গুলিশাখালী ক্যাম্প সংলগ্ন পঁয়ষট্টি ছিলা বনে বুধবারও থেমে থেমে আগুন জ্বলছে।
কোথাও আগুন দেখা গেলে দমকল ও বনকর্মীরা পানি দিয়ে নিভিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পর আবার আরেক স্থানে আগুন জ্বলে উঠছে।
বুধবার সকালেও নতুন দু-তিনটি স্থানে আগুন জ্বলতে যায়। গত শনিবার প্রথম ওই এলাকায় আগুন ধরে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বনকর্মী ও দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করেছে। আমরা এক প্রকার নিশ্চিন্ত হয়েছিলাম যে, আগুন সম্পূর্ণ নিভে গেছে।
"কিন্তু বুধবার সকালে আবার ওই এলাকার দু-তিনটি স্থানে আগুন জ্বলে ওঠে। তবে বনকর্মীরা সে আগুন নিভিয়ে ফেলে।"
তিনি বলেন, আগুনে অন্তত পাঁচ একর বনের গুল্ম জাতের বিভিন্ন প্রজাতির গাছপালা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অন্তত সাত দিন পর্যবেক্ষণের পর আগুন সম্পূর্ণ নিভেছে কি না তা নিশ্চিত করে বলা যাবে বলে তিনি জানান।
গত শনিবার দুপুরের পর আকাশে ধোঁয়া উঠতে দেখে বনকর্মীরা আগুন লাগার বিষয়টি টের পান। এর পরপরই তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। রোববার সারাদিন প্রায় পাঁচ একর এলাকাজুড়ে বিভিন্ন স্থানে থেমে থেমে আগুন জ্বলে। রাতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলে নেভানোর কাজে কর্মরত বন কর্মচারী ও শ্রমিকদের যে যার মতো চলে যেতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24