চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরনগরীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক সভায় হাসিনা বলেন, "বাণিজ্যিক নগরী হলেও সে হিসেবে চট্টগ্রাম গড়ে ওঠেনি। আমাদের লক্ষ্য চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন।"
চট্টগ্রামে পাঁচটি ফ্লাইওভার নির্মাণে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। কর্ণফুলী নদীর নিচে টানেল হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে নতুন শিল্প কারখানা স্থাপন করা হবে। এ জন্য বিদ্যুতের চাহিদা পূরণে অচিরেই চট্টগ্রামে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র স্থাপন করা হবে।
নীতি নির্ধারণ, বাজেট বরাদ্দ এবং পর্যবেক্ষণ কেন্দ্রীয় সরকারের কাছে রেখে স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন স্থানীয় সরকারের হাতে ছেড়ে দেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন বিষয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং 'ডিজিটাল বাংলাদেশ' গড়তে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১০৭ ঘ.
bdnews24