জামালপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে এক স্কুলছাত্র।
মঙ্গলবার রাতে বাজারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। নিহত শাহ্ জামাল ইসলাম স্বাধীন জামালপুর উচ্চ দ্যিালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো।
স্বাধীনের বাবা বাজারীপাড়া এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদ্যুত না থাকায় রাত ১১টার দিকে তার ছেলে স্বাধীন দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশে গল্প করছিলো। ওই সময় কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।
ছুরিকাঘাতে আহত জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার জন্য সাইফুল শহরের নয়াপাড়া ও চামড়া গুদাম এলাকার কয়েক তরুণকে দায়ী করলেও হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।
জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24