ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা খর্ব হয়, এমন কোনো আইন সরকার করবে না বলে আশা করছেন প্রতিষ্ঠানের প্রধান গোলাম রহমান।
মঙ্গলবার আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে তিনি এ প্রত্যাশার কথা জানান।
সচিবালয়ে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার দুর্নীতি দমন কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না।
"তবে অন্য কমিশনগুলো যেভাবে আইনি কাঠামোর অধীনে কাজ করে দুদককেও তা করতে হবে", বলেন তিনি।
বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশন আইন সংস্কারের জন্য একটি কমিটি করেছে। ওই কমিটি যে সব প্রস্তাব দিয়েছে, তার কয়েকটি স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা মনে করছে কমিশন।
গোলাম রহমান এর আগে বলেছিলেন, "দুদককে নখদন্তহীন করার পর এখন থাবাও কেটে নেওয়ার চেষ্টা চলছে।"
তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "২০০৪ সালের দুদক আইনে কিছুটা ঘাটতি ছিলো, সে জন্য কমিশনের কাজ করতে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা অধ্যাদেশ জারি করে দুদককে শক্তিশালী করা হয়েছিলো। কিন্তু বর্তমান সরকার ওই অধ্যাদেশ পাশ না করে নতুন করে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে।
"কমিটি বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে, যা দুদকের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা হবে। এটা দুদকের স্বাধীনতাও খর্ব করবে।"
"আশা করছি, সরকার এমন কোনো আইন করবে না যাতে কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা খর্ব হয়", বলেন কমিশন চেয়ারম্যান।
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই কমিশনার আবুল হাসান মঞ্জুর মান্নান ও হাবিবুর রহমানও ছিলেন।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইন সংস্কার বিষয়ে কমিশন এবং কমিটি উভয়ের প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কমিশনের দুর্নীতিবিরোধী অভিযান ছিলো বেশ আলোচিত। তবে তাকে 'ষড়যন্ত্রমূলক' বলে মনে করেন অনেক রাজনীতিক।
শফিকও বলেন, "ওই সময় দুদককে রাজনীতি দমনের কাজে ব্যবহার করা হয়েছিলো।"
কমিশনের কর্মকর্তারা জানান, সরকার গঠিত কমিটি দুদক আইনে ১৯ সংশোধনী আনা প্রস্তাব করেছে। অন্যদিকে কয়েকটি সংশোধনী কমিশনের স্বাধীনতা খর্ব করবে দাবি করে তা পাশ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪২০ ঘ.
bdnews24