২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া খনির শ্রমিকরা আবার ধর্মঘটে

বেতন বাড়ানোর দাবিতে আবার ধর্মঘট শুরু করেছে বড়পুকুরিয়া কয়লা খনির বাংলাদেশি শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 06:24 AM

Updated : 24 Aug 2022, 07:49 PM

দিনাজপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বাড়ানোর দাবিতে আবার ধর্মঘট শুরু করেছে বড়পুকুরিয়া কয়লা খনির বাংলাদেশি শ্রমিকরা। বিভিন্ন দাবিতে গত ফেব্র"য়ারিতেও দিনাজপুরের ওই খনির শ্রমিকরা ধর্মঘট করে। দুদিন কাজ বন্ধের পর সরকারি প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিক ও খনি পরিচালনাকারী চীনা কর্তৃপক্ষের বৈঠকে সমঝোতা হলে ধর্মঘট তুলে নেওয়া হয়। বেতন বাড়ানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না দেখে সোমবার রাত থেকে এক হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ রেখেছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নূর ইসলাম। তারা সাংবাদিকদের বলেন, গত ফেব্র"য়ারি মাসে প্রফিট বোনাসের দাবিতে আন্দোলনের সময় বেতন-ভাতা বাড়ানোর দাবি তোলা হলে ২০ মার্চের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিলো। কিন্তু নির্ধারিত এ সময়ে বেতন বাড়ানোর ক্ষেত্রে খনি কর্তৃপক্ষ গড়িমসি করছে। গত রোব ও সোমবার শ্রমিকদের সঙ্গে কয়লাখনি কর্তৃপক্ষ ও খনি পরিচালনাকারী চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের বৈঠক হলেও তা ব্যর্থ হয় বলে খনির কর্মকর্তারা জানান। ধর্মঘটের কারণে খনিকে কাজ ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান। তবে তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু খনির ১১০৫ নম্বর ফেজে কয়লা উত্তোলন শেষ করা হয়েছে সেহেতু কর্মবিরতির কারণে কিছু সমস্যা হলেও খনি অভ্যন্তরের কারিগরিসহ অন্য কাজ চলছে।" ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধর্মঘটী শ্রমিকদের কাজে ফেরানোর তৎপরতা চলছে বলে কামরুজ্জামান জানান। শ্রমিক নেতা নূর ইসলাম বলেন, ২০০৮ সালে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি ও কর্মরত দেশি শ্রমিকদের ত্রি-পক্ষীয় একটি চুক্তি হয়। সে অনুযায়ী প্রতিবছর ফেব্র"য়ারি মাসে চীনা প্রতিষ্ঠান আলোচনার মাধ্যমে কর্মরত দেশি শ্রমিকদের বেতন-ভাতা বাড়াবে। কিন্তু এবার এ বিষয়ে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ গা করছে না বলে শ্রমিকদের অভিযোগ। বেতন বাড়ানোর দাবিতে গত শুক্রবার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় বলে শ্রমিক নেতারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.