২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিক্ষকের খুনি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার দাবি

সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান হারুনুর রশিদের খুনি গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 01:04 PM

Updated : 24 Aug 2022, 07:46 PM

সিলেট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান হারুনুর রশিদের খুনি গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ সময় বেঁধে দেওয়া হয়। সহকারী অধ্যাপক হারুনুর রশিদ হত্যার প্রতিবাদে সোমবার সিলেটের সব সরকারি ও বেসরকারি কলেজে ধর্মঘট পালিত হয়। আগামীকাল সারা দেশের কলেজে প্রতিবাদ সমাবেশ ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালিত হবে বলে প্রতিবাদ সমাবেশে জানানো হয়। মানববন্ধনে সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম চৌধুরী। এমসি কলেজের অধ্যাপক আবুল আনাম রিয়াজের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মদনমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক জয়ন্ত দাস, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, সাবেক পিপি ও সিলেট জেলা আইনজীবী সািমতির সভাপতি ইইউ শহীদুল ইসলাম প্রমুখ। বেলা ১টার দিকে সিলেট শহীদ মিনার প্রাঙ্গনে হারুনুরের লাশ আনা হয়। পরে স্বজনরা তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পাথটের উদ্দেশ্যে লাশ নিয়ে রওয়ানা হন। গত রোববার বেলা সাড়ে ৩টায় সিলেট নগরীর চৌহাট্টায় গৌড়গোবিন্দ টিলার পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৫৫ ঘ.