ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে আসায় রাজধানীর মহাখালী-সাতরাস্তা সড়কে সোমবার গাড়ি চলাচল প্রায় দেড় ঘণ্টা ব্যাহত হয়।
তেজগাঁও শিল্প এলাকার ফোকাস ফ্যাশনের কয়েকশ শ্রমিক সকাল ৯টার দিকে মহাখালীর ফিনিক্স ক্রসিংয়ের কাছে রাস্তায় অবস্থান নেয়। তবে বেলা ১১টার দিকে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক।
এর আগে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতন বাড়ানো, ওভারটাইম ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে ফোকাস ফ্যাশনের কর্মীরা সড়কে অবস্থান নেয়।
এতে ওই সড়কের একপাশে গাড়ি চলাচল বন্ধ থাকলেও বিক্ষোভ শান্তিপূর্ণ ছিলো পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.
bdnews24