সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকাশে দুর্ঘটনায় পড়ে একটি কার্গো বিমান ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এতে কেউ হতাহত হয়নি বলে বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
বিমানটি সোমবার সকাল সোয়া ১১টার দিকে অবতরণ করে বলে বিমানবন্দর সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময় পরই এর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ট্রাইস্টার মডেলের ওই কার্গো বিমানটি তৈরী পোশাক নিয়ে ঢাকা থেকে ওমান যাচ্ছিলো।
বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়, বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইঞ্জিনে ত্র"টির কারণে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমান বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
রেজাউল বলেন, "আগুন ধরে যাওয়ার পর বিমানের কিছু অংশ খসে পড়লে বিমান বিধ্বস্ত হওয়ার গুজব ছড়ায়। তবে বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে এটি আকাশে জ্বালানি শেষ করে অবতরণ করে।"
দুর্ঘটনা কবলিত কার্গো বিমানটি স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল।
তবে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শফিক আখন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এটি তাদের বিমান নয়।
সকালে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর বিমানবন্দর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, বিমানটিতে আগুন ধরে গেলেও এটি বিধ্বস্ত হয়নি। আগুন ধরে যাওয়ায় এটি জরুরি অবতরণের অনুমতি চায়।
এর আগে গুলশান ফায়ার স্টেশনের ফায়ারম্যান আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বাড্ডার সাতারকূলে একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে সেখানে দমকল কর্মকর্তারা যান। তবে তারা কিছু পাননি।
এয়ারপোর্ট থানার ওসি আবু সালেহ মো. শামসুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আকাশে একটি বিমানের সমস্যা দেখা দিয়েছে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের সতর্ক করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এসআইটি/কিউএইচ/এমআই/১১০০ ঘ.
bdnews24