চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলা তদন্তে আবারো সময় চেয়ে আদালতে আবেদন করেছে তদন্ত সংস্থা সিআইডি।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী আরো ৯০ দিনের সময় চেয়ে শনিবার মহানগর দায়রা জজের আদালতে এ আবেদন জানান।
সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহের আদালতে এ আবেদনের শুনানি হবে।
এ নিয়ে এ মামলা অধিকতর তদন্তে সপ্তম দফায় সময় চাওয়া হলো। সর্বশেষ গত ৪ জানুয়ারি মহানগর দায়রা জজ এ মামলা ষষ্ঠ দফায় অধিকতর তদন্তে ৭৬ দিন সময় বাড়িয়েছিলেন। সোমবার এ মেয়াদ শেষ হচ্ছে।
আবারো সময় বাড়ানোর আবেদন প্রসঙ্গে আইও মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো অনুদঘাটিত রয়ে গেছে।"
এছাড়া ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি ঘাটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করতে সময়ের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তদন্ত পুরো সম্পন্ন করতে আরো সময় প্রয়োজন।
সাবেক মহানগর পিপি আহসানুল হক হেনার আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ১২ ফেব্র"য়ারি মহানগর দায়রা জজ ১০ ট্রাক অস্ত্র মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেয়।
তখন এএসপি ইসমাইল হোসেনকে আইও হিসেবে নিয়োগ দেয় সিআইডি। তিনি অধিকতর তদন্তে দুই দফা সময় নেন।
২০০৯-এর ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত আবারো এ মামলার আইও পরিবর্তনের নির্দেশ দেয়।
তখন সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরীকে এ মামলার আইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি বিভিন্ন মেয়াদে চার দফায় অধিকতর তদন্তে সময় নিয়েছেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি থেকে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্রের চালান আটক হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দু'টি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১২৪ ঘ.
bdnews24