ভোলা থেকে মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ভোলা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রকৃত জেলে ও মৎস্যজীবীদের তালিকা প্রণয়নে ইউনিয়ন পর্যায়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠণের ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
এছাড়া জেলেদের জন্য দেয়া খাদ্য সহায়তা বিতরণে যে কোন ধরণের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি। একইসঙ্গে জাটকা নিধন বন্ধের শর্তে জেলেদের সব ধরণের সহায়তা দেয়ারও আশ্বাস দেন তিনি।
ভোলার দৌলতখানে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ তোফায়েল আহমেদ এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শরফুল আলম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান খুরশীদা খানম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মুজিবর রহমান, ভোলার জেলা প্রশাসক মেজবাহুল ইসলাম ও স্থানীয় মৎস্যজীবী সমিতির নেতারা।
মৎসজীবি তালিকা প্রণয়ন কমিটির বিস্তারিত বিবরণ তুলে ধরে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, "ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের প্রধান করে ও ইউপি সচিবদের সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হবে। এতে স্থানীয় ইউপি সদস্য, শিক্ষাজীবি, বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী, মৎস্য কর্মকর্তা, মৎস্যজীবী ও গণমাণ্য ব্যক্তিদের প্রতিনিধি হিসেবে রাখা হবে।''
লতিফ বিশ্বাস জাটকা রক্ষায় সরকারের কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, সরকার মৎস্য সম্পদ রক্ষা ও এর বৃদ্ধিতে অনেক ধরণের কর্মসূচি হাতে নিয়েছে। মাছ শিকার বন্ধ থাকার সময়ে সরকার জেলেদের জন্য বিশেষ খাদ্য ও অর্থ সহায়তা দিচ্ছে।
তিনি বলেন, জাটকা রক্ষা কর্মসূচি শুরু হয়েছে ২০০৩-০৪ অর্থবছর থেকে। কর্মসূচি শুরুর আগে ২০০২-২০০৩ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল এক দশমিক ৯৯ লাখ টন। ছয় বছরে এ কর্মসূচি বাস্তবায়নের ফলে গত ২০০৮-২০০৯ অর্থবছরে ইলিশ উৎপাদন দুই দশমিক ৯৮ লাখ টনে উঠেছে। এ বছর ইলিশের উৎপাদন তিন লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ইলিশ পাওয়া যায় এমন ১০ জেলার ৫৯ উপজেলায় এক লাখ ৬৪ হাজার ৭৪০ মৎস্যজীবী পরিবারের মধ্যে চলতি অর্থবছর থেকে পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এতে ফেব্র"য়ারি থেকে মে পর্যন্ত চার মাসের জন্য ১৯ হাজার ৭৬৮ দশমিক ৬০ মেট্রিক টন খাদ্য-শস্য বরাদ্দ করা হয়েছে।
মন্ত্রী বলেন, এর আগে জোট সরকারের সময় এর পরিমান ছিল মাত্র পাঁচ হাজার ৭৩০ টন। ওই সময় ১০ জেলার ৫৯ উপজেলায় এক লাখ ৪৩ হাজার ২৫২ ইলিশ মৎস্যজীবী পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি করে মাসে খাদ্য সহায়তা দেয়া হতো। এ সহায়তা দেয়া হতো মাত্র তিন মাসের জন্য।
জেলেদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি প্রসঙ্গে লতিফ বিশ্বাস বলেন, হাঁস-মুরগি পালন, কৃষি উৎপাদন ও অন্য বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে সরকার ২৩ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে জেলেদের ইলিশের ওপর নির্ভরতা কমে আসবে।
তিনি বলেন, সরকারিভাবে জাটকা রক্ষা কর্মসূচি গ্রহণ এবং জেলেদের খাদ্য সহায়তা দেয়ায় গত ছয় বছরে দেশে স্বাভাবিকের চেয়ে চার দশমিক ৮৩ লাখ মেট্রিক টন বেশি ইলিশ উৎপাদিত হয়েছে। যার বর্তমান বাজার দর প্রায় ১২ হাজার ৭৫ কোটি টাকা।
জেলেদের অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, জেলেদের জন্য সহায়তা প্রকল্পে কোন প্রকারের অনিয়ম বা মাছ সংগ্রহে নিয়োজিত কোন মৎস্যজীবীকে অন্যায়ভাবে হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সভাপতির বক্তব্যে তোফায়েল আহমেদ মৎস্যজীবীদের জন্য কৃষি ঋণের মতো মৎস্য ঋণ ব্যবস্থা চালু করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ভোলার মৎস্যজীবীদের জন্য বিশেষ বাঁধ তৈরী ও নদী ভাঙ্গন রোধে ব্লক ফেলার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি বলেন, ভোলায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই গ্যাস দিয়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুত এবং সাড়ে ১৭ হাজার মেট্রিক টন সার উৎপাদনের জন্য সার কারখানা স্থাপনের পরিকল্পণা চলছে। এতে ভোলাবাসী তাদের ভাগ্যের উন্নয়ন করতে পারবে।
পরে আব্দুল লতিফ বিশ্বাস ও সাংসদ তোফায়েল আহমেদ জেলেদের জন্য দুই মাসের খাদ্য সহায়তা বাবদ পরিবারপ্রতি ৬০ কেজি চাল এবং বিকল্প কর্মসংস্থানের জন্য হাঁস-মুরগি ও গবাদি পশু বিতরণ করেন।
সবশেষে তারা একটি নৌ-শোভাযাত্রায় অংশ নেন। স্থানীয় মৎস্যজীবী, আওয়ামী লীগ নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারিরা এতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭৪৬ঘ.
bdnews24