ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক যুব সংগঠন যুবলীগের এক নেতার বিরুদ্ধে বাড়ি দখলচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবার।
তবে যুবলীগের ওই নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মুক্তিযুদ্ধে শহীদ শামস ইরানীর পরিবার অভিযোগ করেছে, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সভাপতি মহিউদ্দিন মুহি তাদের বাড়ি দখলের জন্য কমাগত হুমকি দিয়ে যাচ্ছে।
শামস ইরানির পরিবার রাজধানীর ৪৩/২০/এ স্বামীবাগের বাড়িতে ১৯৫৪ সাল থেকে বসবাস করে আসছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আনসার রহমান বলেন, "গত ৪ মার্চ মহিউদ্দিন তার সহযোগীদের নিয়ে বাড়ি দখলের জন্য চেষ্টা চালায় এবং হুমকি দেয়।"
এ বিষয়ে তারা সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান আনসার।
তিনি বলেন, গত ৮ মার্চ মুহি ওই বাড়ির পাশের প্রায় ৩ বিঘা জমি জবরদখল করে।
"এরপর থেকে আমাদের ৬ কাঠার জমি ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে মুহি", বলেন আনসার।
সংবাদ সম্মেলনে শহীদ শামস ইরানীর ভাই আনিসুর রহমান ও আজিজুর রহমানও উপস্থিত ছিলেন।
তারা বলেন, সরকার সমর্থকের হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে যুবলীগ নেতা মুহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের কোনো ঘটনার কথাই আমি জানি না।"
ওই পরিবারকে হুমকি দেওয়ার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকারের পাশাপাশি তিনি বলেন, তার কোনো 'সন্ত্রাসী বাহিনী'ও নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮২০ ঘ.
bdnews24