ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে র্যাংকসটেলের চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি।
অন্যদিকে এ মামলায় গ্রেপ্তার বেসরকারি এ ল্যান্ডফোন কোম্পানির তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
র্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরীসহ অন্যদের আসামি করে শনিবার শিল্পাঞ্চল (তেজগাঁও) থানায় মামলাটি করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কনিষ্ঠ পরামর্শক কাওসার আহমেদ।
শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে বিটিআরসির অনুমোদন ছাড়া ভিওআইপি ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন র্যাংকসটেলের পরিচালক আমানুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, ফজলে সেলিম, জাকিয়া রউফ চৌধুরী, ঝুমু রউফ চৌধুরী, সুয়ানা রউফ চৌধুরী এবং মহাব্যবস্থাপক (প্রকৌশল) শেখ কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (বিক্রয়) করিম ইকবাল ভূইয়া, উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) মোমিনূর রহমান চৌধুরী ও চিফ অপারেটিং কর্মকর্তা একেএম সামসুদ্দীন।
বৃহস্পতিবার রাতভর তেজগাঁও শিল্প এলাকায় নভো টাওয়ারে র্যাংকসটেলের কার্যালয়ে অভিযান চালায় বিটিআরসি ও র্যাব। ওই ভবন থেকে ভিওআইপি সরঞ্জাম গ্রেপ্তার জব্দ করা হয়েছে বলে জানায় বিটিআরসি।
অভিযানের সময় র্যাংকসটেলের মহাব্যবস্থাপক কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক মোমিনূর এবং উপমহাব্যবস্থাপক করিম ইকবালকে গ্রেপ্তার করা হয়।
এ তিনজনকে শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে হাকিম শামীমা পারভিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাদের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে আদালত। তাদের জিজ্ঞাসাবাদে বিটিআরসি পরামর্শক কাওসার হেফাজতের আবেদন জানালে তা-ও নাকচ হয়।
আদালত প্রয়োজনে কারাফটকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিটিআরসিকে অনুমতি দিয়েছে।
এর আগে ঢাকা ফোন ও ওয়ার্ল্ডটেলেও অভিযান চালিয়ে ভিওআপি সরঞ্জাম জব্দ করার কথা জানায় বিটিআরসি।
গত ১৭ মার্চ বাড্ডায় ওয়ার্ল্ডটেলে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জাম আটক করা হয়। অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার দুদিন আগে ঢাকা ফোনের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এমআই/১৭২০ ঘ.
bdnews24