২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশনের 'নিষ্পত্তি বিজ্ঞপ্তি' প্রত্যাহার চায় জনসংহতি

পার্বত্যাঞ্চলে ভূমি বিরোধ নিষ্পত্তিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি প্রত্যাহার দাবি করেছে মানবেন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 05:12 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

রাঙামাটি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চলে ভূমি বিরোধ নিষ্পত্তিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি প্রত্যাহার দাবি করেছে মানবেন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। গত রোববার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভূমি বিরোধের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তিন পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে দরখাস্ত চেয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিমতো কাজ করলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি সমস্যা সমাধান না হয়ে আরো জটিল হয়ে উঠবে বলে মন্তব্য করা হয় জনসংহতি সমিতির বিবৃতিতে। জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা সরকারের প্রশাসনিক অঙ্গ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেরও চেয়ারম্যান। সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সুপারিশ করা সংশোধনী প্রস্তাব অনুসারে 'ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১' সংশোধন এবং পদ্ধতিগতভাবে ভূমি কমিশনের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যথাযথ পদ্ধতিতে ভূমি বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। গণবিজ্ঞপ্তির নিন্দা জানিয়ে এতে বলা হয়, গণবিজ্ঞপ্তি ও প্রচারপত্রে ৬০ দিনের মধ্যে দরখাস্ত দেওয়ার কথা বলা হয়েছে। এই সময়সীমা চলে গেলে দরখাস্ত নেওয়া হবে না বা ক্ষতিগ্রস্তরা প্রতিকার পাবে না বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরকম সময়সীমা বেঁধে দেওয়া সম্পূর্ণ বিধি-বহির্ভূত, বাস্তবতা বিবর্জিত ও হীন উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে। "পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনে পার্বত্য শান্তিচুক্তির সঙ্গে ২৩টি বিরোধাত্মক ধারা রয়েছে," উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই ধারাগুলো সংশোধনের জন্য ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমান সরকারের আমলে এই আইন সংশোধনের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের দু'টি বৈঠক অনুষ্ঠিত হলেও ধারাগুলো সংশোধন হয়নি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩২৬ ঘ.