ময়মনসিংহ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - ময়মনসিংহ সদর উপজেলার একটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর আটশ' মুরগি নিধন করা হয়েছে। ধ্বংস করা হয়েছে সাড়ে তিনশ' ডিম।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে কামরুল হাসান লিংকনের 'আন-নোদওয়াহ' নামের মুরগি খামারে এ নিধন কাজ চালানো হয় বলে জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জেলার মুরগি খামারগুলোতে সতর্কতা জারি করে প্রাণিসম্পদ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, দুই তিনদিন ধরে দৈনিক ৮/৯টি করে মুরগি মরতে শুরু করলে খামার মালিক বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানান। তারা মরা মুরগির নমুনা জেলা পশু হাসপাতালে পরীক্ষা করে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়ে নিশ্চিত হন।
পরে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের এক জরুরি সভায় খামারের মুরগি নিধনের সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টার দিকে খামারের আটশ' লেয়ার মুরগি নিধন করা হয়। ধ্বংস করা হয় সাড়ে তিনশ' ডিম। পরে এগুলো মাটিচাপা দেওয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. তমিজ উদ্দিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা নকীব উল্লাহ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আয়েশা সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24