নাটোর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন (২২) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাউড়া মোড় এলাকায় এ হামলা চালানো হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোশারফ হোসেনের ভাই মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে উপজেলার বাউড়া স্কুল মাঠে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় কয়েকজন 'সন্ত্রাসী'র সঙ্গে মোশারফের কথা কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যায় তিনি রিকশাভ্যানে গোপালপুর বাজারে যাওয়ার সময় বাউড়া মোড়ে মোবারক ও আলাউদ্দিন নামের দু'জন রিভলবার দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় মোশারফ দৌড়ে পালানোর চেষ্টা করলে মোবারক রিভলবার থেকে গুলি ছোড়ে।
একটি গুলি মোশারফের পিঠের বাম পাশে লেগে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, গুলিবিদ্ধ মোশারফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, "ঘটনাটি আমি মৌখিকভাবে শুনেছি। অভিযুক্তরা এলাকার চিহিৃত সন্ত্রাসী। তাদের (মোবারক ও আলাউদ্দিন) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।"
এ ঘটনায় এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24