নয়াদিল্লি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো ধরনের গোলাগুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু এড়াতে ভারত এক তরফাভাবে সীমান্তে এক বছর 'গুলি না করার' সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই।
তিনি বলেন, "এক বছরের জন্য এক তরফাভাবে গুলি না চালানোর বিষয়টি আমরা বিবেচনা করছি। কিভাবে এটা করা হবে তা নিয়ে কাজ চলছে।"
শুক্রবার নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ নিরাপত্তা বিষয়ক সংলাপ-এর উদ্বোধনী বক্তৃতায় পিল্লাই এ কথা বলেন।
অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ সংলাপের আয়োজক।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর মহাপরিচালক পর্যায়ে নয়াদিল্লিতে চারদিনের সম্মেলনের তিনদিনের মাথায় গত ১৪ মার্চ সিলেটের জৈন্তাপুর সীমান্তে দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়।
এর আগেও এই সীমান্তে বিএসএফ'র গুলিতে তিন বাংলাদেশি জখম হয়।
এছাড়া সীামন্তে প্রায় বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটে।
দিল্লি সম্মেলনে এ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচন হয়েছে। গত বছর ঢাকা সম্মেলনে বিএসএফ সীমান্তে গুলি করে বাংলাদেশি হত্যা না করার ব্যাপারে প্রতিশ্র"তি দিয়েছিল।
ভারতের স্বরাষ্ট্র সচিব পিল্লাই বলেন, দু'দেশের সীমান্তে গোলাগুলির কারণে নিরপরাধ নাগরিকদের মৃত্যুর ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি বিবেচনায় রেখে ভারত সরকার এই উদ্যোগ নিচ্ছে।
তিনি আরো বলেন, গোলাগুলির কারণে নিরপরাধ নাগরিকদের মৃত্যু প্রতিবেশি দেশটির (বাংলাদেশ) জন্য যে খুবই স্পর্শকাতর ইস্যু সে ব্যাপারে ভারত বেশ সচেতন।
এ বছরের শেষ অথবা আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত বিরোধ নিরসনে দ্বিপক্ষীয় প্রক্রিয়া ত্বরাণ্বিত করারও পরামর্শ দেন পিল্লাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24