ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল, ঝিনাইদহ ও বাগেরহাটে শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।
এর মধ্যে নড়াইলে ট্রাক্টর চাপায় তরুণী, ঝিনাইদহে বাস এবং বাগেরহাটে ট্রাক চাপায় একজন করে মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল প্রতিনিধি জানান, সকালে সদর উপজেলার বাশভিটা এলাকায় নড়াইল-যশোর সড়কে ট্রাক্টর চাপায় আহত হন সুজাতা দাস (১৮)।
পরে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জিত কুমার সাহা।
সুজাতা বাশভিটা গ্রামের নিরঞ্জন দাসের মেয়ে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে বাস চাপায় মারা গেছেন এক সবজি ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৫)।
ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিরুল ট্রাকে করে সব্জি নিয়ে খুলনা যাচ্ছিলেন। আরাপপুর বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
মনিরুল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে বলে এসআই জানান।
বাগেরহাট প্রতিনিধি জানান, খুলনা-মংলা মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার চেয়ারম্যান বাড়ির মোড়ে দুপুরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন রিকশাভ্যানচালক হেমায়েত গাজী (৩৫)।
রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাক চেয়ারম্যান বাড়ির মোড়ে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি রিক্সাভ্যানকে ধাক্কা দেয়।
মংলা উপজেলার দ্বিগরাজ গ্রামের বাসিন্দা হেমায়েত পণ্য নিয়ে রামপালের ভাগাবাজারে আসছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা আনিসুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24