ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় দেশে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে।
বেতন বৃদ্ধি ও নৌনিরাপত্তাসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার নৌযান শ্রমিকরা ধর্মঘট শুরু করলে সারাদেশে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার মধ্যরাতে নৌযান মালিক ও সরকারের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকরা।
শুক্রবার সকালে ঢাকার নৌবন্দর সদরঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে লঞ্চ ভিড়ছে এবং ছেড়েও যাচ্ছে।
প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদরঘাট থেকে ৩৮টি রুটে ৪৪টি লঞ্চ ছেড়ে যায়। বিকালে ছাড়ে দক্ষিআঞ্চলগামী আরো লঞ্চ।
সকাল ৮টার দিকে চাঁদপুরের উদ্দেশে সদরঘাট ছাড়তে দেখা যায় 'মেঘনা রানী' লঞ্চটিকে।
যাত্রী না থাকায় 'ওয়াপদা' ও 'ইছলি' নামে দুটি লঞ্চ ছাড়া নির্ধারিত অন্য সব লঞ্চ গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) সদরঘাট টার্মিনালের ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ সুলায়মান।
নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
ধর্মঘটের কারণে গত তিন দিন সারাদেশে লঞ্চসহ যাত্রী ও পণ্যবাহী সব কার্গো চলাচল বন্ধ থাকায় যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.
bdnews24