নয়া দিল্লি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লিতে বৃহস্পতিবার শুরু হওয়া ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক বিষয়ে ঢাকা খুবই আশাবাদী বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।
তিস্তার পানিবণ্টন চুক্তির আগে কয়েকটি 'বিশেষ কারিগরি বিষয়ের' মিমাংসার জন্য ভারত তাগাদা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তারপরও যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন করেন রমেশ সেন।
ভারতের পানিমন্ত্রী পবন কুমার বনশালের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, "আমাদের প্রত্যাশা অনেক। আজকে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে।"
শুক্রবার আবার আলোচনা হবে বলে জানান তিনি।
"তিস্তার পানিবণ্টন ও অন্য যৌথ নদীগুলোর বিষয়ে দুই পক্ষের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে," জানান ভারতের পানিমন্ত্রী বানসাল।
"প্রায় পাঁচ বছরের বিরতির পর প্রথমবারের মতো মন্ত্রী পর্যায়ে যৌথ নদী কমিশনের বৈঠক হচ্ছে," উল্লেখ করে তিনি বলেন, "আজকের আলোচনার মধ্যে দিয়ে দুই পক্ষের কাছেই তাদের অবস্থান স্পষ্ট হয়েছে।"
রমেশ সেনের সঙ্গে শুক্রবারের আলোচনার পর এই বৈঠকের প্রাপ্তি সম্পর্কে মন্তব্য করা যাবে বলে জানান বানসাল।
রমেশ ও বানসালের বৈঠকের পাশাপাশি পানিসম্পদ সচিব মো. ওয়াহিদুজ্জামান ভারতের পানিসচিব ইউ এন পানজিয়ারের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২১০ ঘ.
bdnews24