সাতক্ষীরা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে বেসরকারি সংস্থা যুব কর্মসংস্থান (যুবক) এর সাতক্ষীরা কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপককে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবক কর্মকর্তার নাম- আশরাফুল ইসলাম ওরফে শাহীন (৪১)।
শহরের ইটাগাছা এলাকার নিজের বাড়ি থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন।
তিনি জানান, যুবক'র আমানতকারী জেলার তালা উপজেলা সদরের জিয়াদ আলী বাদি হয়ে সদর থানায় শাহীনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা আত্মসাতের মামলা করেন।
বাদি অভিযোগ করেন, ২০০৯ সালে শাহীন তার কাছ থেকে আবাসন প্রকল্পে প্লট দেওয়ার কথা বলে টাকা নেন। এরপর শাহীন গা ঢাকা দেন।
থানায় শাহীন সাংবাদিকদের বলেন, এ অঞ্চলের আমানতকারীরা যুবক'র কাছে সাড়ে ৬ কোটি টাকা পাবে।
তিনি দাবি করেন, আমানতকারীদের কাছ থেকে নেওয়া টাকা তিনি সংস্থার ঢাকা কার্যালয়ে পাঠিয়ে দিতেন।
সদর থানার ওসি হামেশ খান জানান, বিকালে আদালতের মাধ্যমে শাহীনকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24